ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চিকিৎসার সুযোগ থাকলেও রাজনীতিবিদদের মধ্যে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি বলে মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আর্ন্তজাতিক ক্যান্সার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, "দেশে চিকিৎসার সুযোগ থাকলেও আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি। অথচ সাধারণ মানুষের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখানে গড়ে ওঠেনি। তাদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে।"
শুক্রবার সকালে রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চারদিনের এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী।
উপদেষ্টা বলেন, "বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো একক ও যৌথভাবে সামাজিক দায়িত্বের চুক্তিতে স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখতে পারে। যারা এ খাতে বিনিয়োগ করছেন, তাদের ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করতে হবে।"
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, "চিকিৎসার বিষয়ে সাধারণ মানুষের কাছে আপনাদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। আপনাদের দায়িত্বশীল ভূমিকা দেখাতে হবে।"
বাংলাদেশে সাধারণ মানুষ যাতে সুলভে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা পেতে পারে সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব এ কে এম জাফর উল্লা খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ও অঙ্কোলজি ক্লাবের চেয়ারম্যান ও এফএসিএবি'র উপদেষ্টা অধ্যাপক এ বি এম এফ করিম বক্তব্য রাখেন।
প্রথম দিনের সেমিনারে ক্যান্সার নিয়ন্ত্রণ ও প্রতিবোধ, ক্যান্সার চিকিৎসার সুযোগ ও অগ্রগতির বিষয়ে বিভিন্ন প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিশেষ চিকিৎসকরা এতে অংশ নেন।
অঙ্কোলজি ক্লাব ও ফেডারেশন অব এন্টি-ক্যান্সার অ্যাক্টিভিস্টস অব বাংলাদেশ (এফএসিএবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৭৫০ঘ.
bdnews24