২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা নীতি শিগগিরই: তামিম

কয়লা নীতি শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। দেশের স্বার্থে জ্বালানি খাতের অন্য বিষয়গুলোতেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এসব ক্ষেত্রে বিদেশি সাহায্য নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 09:36 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা নীতি শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। দেশের স্বার্থে জ্বালানি খাতের অন্য বিষয়গুলোতেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এসব ক্ষেত্রে বিদেশি সাহায্য নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি। শুক্রবার সেবা বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে 'জ্বালানি সঙ্কট ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক তামিম বলেন, "কয়লা নীতি দ্রুত করে ফেলা হবে। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যারা এর বিরোধিতা করেছেন, তারাও নীতি প্রণয়নে অবদান রাখছেন।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "১৯৯৬ সালে জ্বালানি নীতি প্রণয়ন করা হলেও এর ৮০ ভাগও বাস্তবায়িত হয়নি। এর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। ১৯৬৮ সালের মাইনিং অ্যাক্টকে পরিবর্তন করতে হবে।" জ্বালানি খাতের বিশাল ভর্তুকি উন্নয়নের পথে বাধা হিসাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, "দেশের স্বার্থে এসব বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব না রেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।" কয়লা উত্তোলনের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে অধ্যাপক তামিম বলেন, "বড়পুকুরিয়া কয়লা খনি ও পেট্রোবাংলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে বড়পুকুরিয়া থেকে ব্যবস্থাপনাগত শিক্ষা নিতে হবে।" বিদেশি সাহায্যের ওপর গুরত্ব দিয়ে তা ব্যবহারে সতর্কতার পরামর্শ দিয়ে অধ্যাপক তামিম বলেন, "কোনও দেশ এককভাবে চলতে পারে না। আমাদেরও বিদেশি সাহায্য নিতে হবে। তবে এ সাহায্যের সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায়, সে দিকে লক্ষ রাখতে হবে।" বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। এতে দেশের জ্বালানি ও বিদ্যুৎখাতের চিত্র তুলে ধরে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বলা হয়, "যৌক্তিক কোনও দাবি না থাকলে কারও বিরোধিতার কারণে সিদ্ধান্তহীন বসে থাকা মানে পুরো জাতিকে বিপদের মুখে ঠেলে দেওয়া।" বৈঠকে এশিয়া এনার্জির মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, "জ্বালানি খাতে প্রয়োজনে সরকারের কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার।" বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, অধ্যাপক নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী কামরুজ্জামান, পরমাণু শক্তি কমিশনের পরিচালক ইউনুস আকন ও ব্যারিস্টার জাকির আহাম্মদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বুয়েটের অধ্যাপক আবদুর রহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/জিএনএ/১৫৩৫ ঘ.