ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান মনে করেন, প্রাক-বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা না করলে পরে রাজনৈতিক সরকার বাজেট বাতিল করে দিতে পারে।
বৃহস্পতিবার 'সমুন্নয়' আয়োজিত 'উপকূলের মানুষ, পিআরএসপি ও বাজেট ২০০৮-০৯: প্রাক-বাজেট ভাবনা' শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমি মনে করি সরকারের উচিত প্রাক-বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা। দেশের একজন শীর্ষ নেতাকে বলতে শুনেছি, সরকার এমনটি না করলে রাজনৈতিক সরকার বাজেটের বৈধতা দেবে না।"
আরআরসি চেয়ারম্যান বলেন, "প্রাক-বাজেট নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলে সেই বাজেট সবার কাছে আরও গ্রহণযোগ্য হবে। যদি এমনটি না হয়, আর ঘোষিত সময়ে নির্বাচন হয়, তবে রাজনৈতিক সরকার সেই বাজেট বাতিল করে দিতে পারে"।
একটি অনির্বাচিত সরকারের পক্ষে বাজেট নিয়ে আলোচনার জন্য সংসদে যাওয়ার সুযোগ নেই মন্তব্য করে আকবর আলি খান বলেন, "এ অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে এ ধরনের আলোচনা যথেষ্ট ভূমিকা রাখবে।"
আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
তিনি বলেন, "দারিদ্র্য হ্রাসকরণ কৌশলপত্রে উপকূলের মানুষের সমস্যার চিত্র স্পষ্টভাবে উঠে আসেনি। তাছাড়া জাতীয় বাজেটে তাদের জন্য সরাসরি কোনো বরাদ্দের ব্যবস্থাও নেই।"
প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলি খান জানান পিআরএসপি'র মেয়াদ গতবছর উত্তীর্ণ হয়েছে। যদিও সরকার বলছে আগের পিআরএসপি বহাল থাকবে, তবে ওই কৌশলপত্রে সামষ্টিক অর্থনীতি নিয়ে যে পূর্বানুমান করা হয়েছে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
তিনি দাবি করেন, "পিআরএসপি'তে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে যা বলা হয়েছে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অন্তসারশূন্য।"
সাবেক অর্থ উপদেষ্টার মন্তব্য, "ওই কৌশলপত্রে ২০০৭ সাল নাগাদ সবার জন্য নিরাপদ ও সুপেয় পানির কথা বলা হয়েছিল; অথচ ঢাকার নাগরিকরাই এ থেকে বঞ্চিত, সুতরাং এ থেকেই অনুমান করা যায় দেশের অন্যত্র চিত্রটা কেমন হবে।"
গত ১৭ মার্চ অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছিলেন, প্রাক বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো আলোচনা করবে না। রাজনৈতিক সরকার ক্ষমতা নেওয়ার পর ইচ্ছা করলে বাজেট সংশোধন বা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/১৮৪৬ ঘ.
bdnews24