ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশিদের কথা বলা আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বৃহস্পতিবার বিকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলার অধিকার নেই।
তিনি বলেন, "সরকার এতোদিন এ ব্যাপারে নমনীয় মনোভাব দেখিয়েছে। তবে এখন কিছুটা কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।"
আইন উপদেষ্টা বলেন, "দেশের রাজনৈতিক বিষয় নিয়ে এখন সাংবাদিকদের সঙ্গে বিদেশিদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না। আমরা ভ্রমণ ভিসা নিয়ে কোনো দেশে গেলে সে দেশের ভেতরের বিষয়ে কথা বলি না, বলতে পারি না।"
তিনি বলেন, বর্তমান আইনে ব্যবসায়িক কাজে বিদেশিদের আসা যাওয়া ও ওয়ার্ক পারমিটের মতো বিষয়গুলোতে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। আইনটি সংশোধন করে এসব বিষয় সমন্বয় করা হবে।
এদিকে দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ফরেনার্স অ্যাক্ট সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "আইনটি পরীক্ষা নিরীক্ষা করে একটি প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/জেকে/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24