ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় তারেক রহমানের রিমান্ড বাতিলের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট বলেছে, প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে।
রিমান্ড বাতিলে তারেক রহমানের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেয় বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ।
গত বছরের ৭ মার্চ রাতে তারেক রহমান গ্রেপ্তার হন। এরপর ৪ মে গুলশান থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন আল আমিন ও রেজা কনস্ট্রাকশনের সমন্বয়কারী সৈয়দ আবু সাহেদ সোহেল। এতে ৪ কোটি ৮৯ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
এ মামলায় গত বছর ২৬ নভেম্বর তারেক রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।
শাহবাগ থানায় আরেকটি চাঁদাবাজির মামলা করেন আবদুল মোমেন লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার। এতে ভয় ও হুমকি দিয়ে ১০ কোটি ৩১ লক্ষ টাকা আদায়ের অভিযোগ করা হয়।
আবদুল মোমেন অভিযোগ করেন, ২০০১ সালের ৩০ অক্টোবর থেকে ২০০৬ সালের ৫ জুলাই পর্যন্ত তারেকের ঘনিষ্ট বন্ধু মামুন বিভিন্ন সময় এই চাঁদা নেয়। ২১ এপ্রিল এ মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্র্ভুক্ত করা হয়।
এ মামলায় তারেককে গত বছরের ১৯ নভেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।
তারেক রহমান এই দুুই মামলায় রিমান্ড বাতিল করার জন্য আবেদন জানান। এর আগে ওই রিমান্ড স্থগিত করেছিল হাইকোর্ট।
তারেকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। তাকে সহায়তা করেন ব্যারিস্টার নওশাদ জমির।
সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলুরুজ্জামান।
খন্দকার দিলুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট তারেকের রিমান্ড বাতিল করেনি। তারেকের আবেদন নিষ্পত্তি করে আদালত বলেছেন, তাকে জেলের ভেতরে জিজ্ঞাসাবাদ করা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৭৩৮ ঘ.
bdnews24