পাবনা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ বেড়া পৌরসভা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেনকে (৪৫) বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। দুপুরে তাকে বেড়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
র্যাব -১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. আহমেদ ফয়সল জানান, বেড়া পৌরসভার অধীনে কাজের ঠিকাদারী দেওয়ার কথা বলে সাঁিথয়া উপজেলার করমজা গ্রামের আবুল বাশার পাশা নামের এক ঠিকাদারের কাছ থেকে পৌর চেয়ারম্যান আব্দুল বাতেন এক লাখ টাকা ঘুষ নেন। পরে কাজও দেননি এবং টাকাও ফেরত দেননি।
এ ব্যাপারে পাশা থানায় মামলা দায়ের করলে যৌথবাহিনী সকালে তাকে বেড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির আরও বেশ কিছু অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
আব্দুল বাতেন পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
দুপুরে পাবনার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। আদালত তা না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আব্দুল বাতেনের বড় ভাই অ্যাডভোকেট শামসুল হক টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুচ্ছ ঘটনায় তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আইনি পথে বিষয়টি মোকাবেলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৩ ঘ.
bdnews24