ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভারত থেকে ইউরোপে পৌঁছেছেন।
নয়াদিল্লির অজ্ঞাত একটি বাড়িতে কয়েক মাস কাটানোর পর বুধবার ইউরোপে পৌঁছালেও কোথায় রয়েছেন তসলিমা তা জানাতে চান না লেখকদের আন্তর্জাতিক সংগঠন 'পেন'র সুইডিশ শাখার ভাইস প্রেসিডেন্ট মারিয়া মোডিগ। হৃদপিণ্ডের অবস্থা পরীক্ষা করতে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।
মোডিগ বলেন,"তিনি নিরাপদে ইউরোপে পৌঁছেছেন। ইউরোপের কোথায় আছেন তা তিনি জানাতে চাননা। কিন্তু তসলিমা জানিয়েছেন, তিনি এখন নিরাপদবোধ করছেন এবং তিনি ডাক্তার দেখাবেন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।"
এদিকে 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া'র এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর পেরোনোর সময় তসলিমা বলেন, আবাসস্থল জানিয়ে দিলে তার নিরাপত্তার সমস্যা হতে পারে।
মৌলবাদীদের হামলার লক্ষ্যবস্তু হতে পারেন বলেও জানান তিনি।
বিভিন্ন মুসলমান সংগঠনের আন্দোলনের মুখে গত নভেম্বরে ভারত সরকার তাকে গোপনে একটি বাড়িতে সরিয়ে নিতে বাধ্য হয় যেখানে কোন দর্শনার্থীর সঙ্গে সাক্ষাতের অনুমতি ছিল না তার।
এ সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাতকারে তসলিমা জানান, তার হৃদপিণ্ডের সমস্যা হলেও গত কয়েক মাস তিনি কোন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেননি। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো প্রয়োজন বলেও জানান তিনি। অবশ্য গত মাসে রক্তচাপ কমে যাওয়ায় নয়াদিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সাক্ষাতকারে তিনি ফ্রান্স বা জার্মানিতে যাওয়ার কথাও জানান।
'লজ্জা' উপন্যাসের মাধ্যমে তসলিমা নাসরিন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে 'উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষপূর্ণভাবে' আঘাত করেছেন-আদালত এ রায় দেওয়ার পর ১৯৯৪ সালে তিনি দেশ ছেড়ে ইউরোপে চলে যান। পরে তিনি কোলকাতায় বসবাস শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১১১ ঘ.
bdnews24