ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ১৯৭১ সালের ২০ মার্চ। সঙ্কট নিরসনের লক্ষ্যে মুজিব-ইয়াহিয়া চতুর্থ বৈঠক হলো এদিন। প্রকৃতপক্ষে আলোচনার নামে পাকিস্তানীরা কালক্ষেপণ করছিল। অন্তরালে চলছিল পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের আন্দোলন চিরতরে স্তদ্ধ করে দেওয়ার সামরিক প্রস্তুতি।
৪র্থ দিনের বৈঠক শেষে প্রেসিডেন্ট ইয়াহিয়া ক্যান্টনমেন্টে যান। সম্ভাব্য দমন অভিযানের জন্য পাকিস্তানী কমান্ডারদের সামরিক প্রস্তুতি দেখতেই তিনি সেখানে যান বলে মনে করছিলেন সবাই।
এদিন মাওলানা ভাসানী চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে দিতে ইয়াহিয়া খানকে আহ্বান জানান। ভাসানী বললেন, এই তত্ত্বাবধায়ক সরকারই স্বাধীন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থির করবে।
২০ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খোন্দকার মোশতাক আহমদ, মনসুর আলী, কামরুজ্জামান ও ড. কামাল হোসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে ১৩০ মিনিটি আলোচনা করেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন এভাবে বসে সঙ্কট নিরসনের চেষ্টা চালাচ্ছেন তখন ইয়াহিয়া তার সামরিক উপদেষ্টা ও জেনারেলদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বসে সামরিক নীল নকশার চূড়ান্ত রূপ দিচ্ছিলেন।
পূর্ব পাকিস্তানের মানুষ ক্রমেই আরো বিক্ষুদ্ধ ও অসহিষ্ণু হয়ে উঠছিল। প্রতিদিন অনেক মানুষ মিছিল নিয়ে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন।
কয়েকজন পশ্চিম পাকিস্তানী নেতা আসন্ন জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকায় এলেন। ভুট্টো বললেন, তিনি ইয়াহিয়ার জবাবে 'সন্তুষ্ট' এবং শিগগিরই ঢাকা আসবেন।
এদিন পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হামিদ ঢাকায় এলেন। বিভিন্ন ক্যান্টনমেন্টেও গেলেন তিনি।
এদিকে পিআই এর ফ্লাইটে গোপনে সৈন্য ও রসদ আনা চলছিল পশ্চিম পাকিস্তান থেকে। অস্ত্র-শস্ত্র ও সৈন্যসহ কয়েকটি জাহাজও চট্টগ্রাম বন্দরে আসছিল। মার্চের শুরুতে বাংলাদেশে পাকিস্তানী স্থলবাহিনীর শক্তি ছিল মাত্র এক ডিভিশন। ইতোমধ্যে তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়। ক্রমাগত তা আরো বাড়ানো হচ্ছিল। শক্তিবৃদ্ধি চলছিল নৌবাহিনীতেও।
সামরিক কর্তৃপক্ষ চট্টগ্রামে অস্ত্রের দোকানগুলো থেকে অস্ত্র গোলাবারুদ সরিয়ে ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/জেকে/০০৩৫ঘ.
bdnews24