ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার অধ্যাদেশ অনুমোদন হওয়ার আগে গণমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে জনমত যাচাইয়ের দাবি জানিয়েছেন বাংলাদেশ অর্থর্নীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহম্মদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বুধবার ২৭টি সংগঠন নিয়ে গঠিত গভার্নেন্স কোয়ালিশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "স্থানীয় সরকার সংক্রান্ত কোনো অধ্যাদেশ জনমত না নিয়ে জারি করা হলে তা হবে আমলাদের মতামত নির্ভর। এতে সাধারণ মানুষ কোনো সুফল পাবে না।"
স্থানীয় সরকার অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন করার আগে তা গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়ে ড. খলীকুজ্জমান বলেন, "বর্তমানে দেশে সংসদ কার্যকর না থাকায় অধ্যাদেশটি নিয়ে বিতর্কে কোনো সুযোগ নেই। ফলে অধ্যাদেশে সরকার গঠিত কমিটির সুপারিশগুলোর মধ্যে কোনটি গৃহিত হয়েছে, তা মানুষ জানতে পারছে না।"
সংবাদ সম্মেলনে গভর্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসীন আলী, অ্যাকশন এইডের আজগর আলী সাব্বির, প্রিপ ট্রাস্টের ড. কাজল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. কাজী খলীকুজ্জমান আহম্মদ বলেন, "রাজনৈতিক প্রক্রিয়া এখন পুরোপুরি বাণিজ্যিক হয়ে পড়েছে। এ থেকে বেরিয়ে আসতেই কার্যকর স্থানীয় সরকার গঠন করতে হবে। তাহেলে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য আমলা নির্ভর কমিটি বাদ দিয়ে জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর স্থানীয় সরকার গঠন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৭২৪ঘ.
bdnews24