ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর ও উচ্চশিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করছে সরকার। শিগগিরই সংশোধিত অধ্যাদেশটির খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশ-ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, "দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা না গেলে বিশ্বায়নের যুগে আমরা পিছিয়ে পড়ব। যেমন হয়েছে ইউনেস্কোতে বাংলাদেশের প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে। ইউনেস্কো সদর দপ্তরে বাংলাদেশের জন্য পাঁচটি পদ রয়েছে। কিন্তু যোগ্য প্রার্থী না থাকায় তার মধ্যে তিনটি পদই ২৩ বছরে আমরা পূরণ করতে পারিনি। ফ্রান্সে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে চাকরির জন্য সে দেশের ভাষা জানা আবশ্যক। কিন্তু আমাদের কাছে তেমন কোনো যোগ্য প্রার্থী নেই।"
বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, "এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষা যেন বাণিজ্যে পরিণত না হয়, সেটিই বর্তমান সরকারের উদ্দেশ্য। এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচিং সেন্টারগুলোকেও বিধিমালার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।"
আগামী বছর থেকে কাঠামোগত শিক্ষা ব্যবস্থা চালুর সরকারি উদ্যোগের বিষয়ে বিভিন্ন মহলের বিরোধিতা সম্পর্কে উপদেষ্টা বলেন, "চূড়ান্ত প্রস্তুতি না থাকায় অনেকেই এটি কার্যকরের সময় পেছানোর কথা বলছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ও ভাবছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ-ইউনেস্কো জাতীয় কমিশনের সভায় শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম শমসের আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৬৫০ঘ.
bdnews24