পটুয়াখালী, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. নগোজি ওকোনজো আইওয়েলা বুধবার ঘূর্ণিঝড় সিডর দুর্গত পটুয়াখালী জেলায় যান। সেখানে দুর্গত মানুষের সঙ্গে তিনি কথা বলেন এবং উপকূলীয় এলাকায় পুনর্বাসনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এক হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন।
ঢাকা থেকে একটি হেলিকপ্টারে চড়ে নগোজি অকোনজো সকাল সাড়ে ১০টায় কলাপাড়ার মোজাহের উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে নামেন। কলেজ মিলনায়তনে এক সভায় সিডরের ক্ষয়ক্ষতির বিষয়ে তাকে ধারণা দেন জেলা প্রশাসক এজিএম মীর মশিউর আলম ও পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন।
বিশ্বব্যাংক কর্মকর্তা পরে টিয়াখালী ইউনিয়নে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে সিডরে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ঝড়ের রাতের কথা শোনেন বিশ্বব্যাংক এমডি।
এ সময় তিনি বলেন, "বিশ্বব্যাংক আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের মাধ্যমে সিডর বিধ্বস্তদের সব ধরনের সহায়তা দেব আমরা।"
নগোজি ওকোনজো বাংলাদেশের উপকূলীয় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ ও মেরামতের জন্য ৭০০ কোটি টাকা এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে আরও ৩০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন।
বিশ্বব্যাংক এমডি এরপর খেপুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে সিডর বিধ্বস্ত জেলেদের জন্য নির্মাণাধীন ট্রলার ও নৌকা তৈরির কাজ দেখেন। ওই জেলে ও নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ড. নগোজির সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল, বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি জিয়াং ঝু এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মেজবাউল হক ।
বিশ্বব্যাংক কর্মকর্তা দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী ছেড়ে ঢাকার পথে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬২১ ঘ.
bdnews24