২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ভাংচুর, সংঘর্ষ

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার কিশোরগঞ্জ জেলা শহরে বিক্ষুব্ধ জনতা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। ওই সময় পুলিশ-জনতা সংঘর্ষে ১৫ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

কিশোরগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার কিশোরগঞ্জ জেলা শহরে বিক্ষুব্ধ জনতা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। ওই সময় পুলিশ-জনতা সংঘর্ষে ১৫ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে জেলা শহরের বত্রিশ এলাকায় একটি ট্রাকের চাপায় ভকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী লিনা (১৫) নিহত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ওয়ার্ড কমিশনার ইমদাদুল ইসলাম বাবুল জানান, সকাল ৮টার দিকে লিনা এবং একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী নওরিন রিকশায় চড়ে স্কুলে যাওয়ার পথে চালবোঝাই একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে লিনা ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বত্রিশ বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ছয়টি বাস এবং সড়কে কয়েকটি মাইক্রোবাস ও পিকআপ ভাংচুর করে। এক পর্যায়ে পরিবহণ শ্রমিক ও জনতার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় বত্রিশ এবং বড়বাজার এলাকায় কিছু দোকানে হামলা হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে সবাইকে হটিয়ে দেয়। সংঘর্ষে গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল নূরে আলমসহ ১৫ জন আহত হয়। ট্রাকের ধাক্কায় আহত নওরিন ও রিকশাচালক মকবুলকে (২২) কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আহতদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ট্রাকচালক জিয়া রহমান ও হেলপার রুবেল এবং ভাংচুরের ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-ভৈরব রুটে বাস চলাচল বিকাল পর্যন্ত বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩৮ ঘ.