২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যাসহ ডাকাতির মামলায় ২৪ জনের যাবজ্জীবন

দুই হত্যাসহ ডাকাতির মামলার রায়ে ফরিদপুরের একটি আদালত ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের ১ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে এবং তা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 06:31 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ফরিদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হত্যাসহ ডাকাতির মামলার রায়ে ফরিদপুরের একটি আদালত ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের ১ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে এবং তা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। এ ছাড়া দুই জনকে ডাকাতির মালামাল রাখার অপরাধে তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকবার হোসেন এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- হিরু মোল্লা, মিরাজ মৃধা, শহীদ খাঁ, সাহা মাতুব্বর, রইচ ওরফে রহিজ, আলামীন তালুকদার, সাদা মিরন, ফরিদ মোল্লা ও রুস্তম ডাকাত, আমলগীর মাতুব্বর, তবিবর রহমান, জামাল মাতুব্বর, আবু বক্কার, আলমগীর শেখ, হাফেজ তালুকদার, ইউসুফ ফকির, কুববাত, মাসুম ওরফে মাসুদ, টিপু, গিয়াস উদ্দিন, কেয়া মুন্সী, হায়দার শেখ, নুরু ফকির ও মজিবর রহমান তালুকদার। এদের মধ্যে প্রথম ৯ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিন বছর দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- বিপ্লব দাস ও শ্যামল চন্দ্র পাল। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস পেয়েছেন। এরা হলেন- মোসলেম মাতুববর, শহীদ মৃধা, মান্নান মোল্লা, আইউব মোল্লা, ময়ূর মোল্লা, আক্তার ও তারেক মাতুববর। মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ২২ মার্চ রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজাপুর গ্রামের ডা. সুভাষ চন্দ্র সাহা ও তার চাচা বলরাম সাহার বাড়িতে একদল ডাকাত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সম্পদ ডাকাতি করে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা গুলি চালায়। এতে বলরাম সাহা ও তার প্রতিবেশী কার্তিক ও রতন পোদ্দার গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ বলরাম সাহা এবং ২৫ মার্চ রতন পোদ্দার মারা যান। মামলায় ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ করা হয় ২০ জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.