চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলার রায় হবে ২৭ মার্চ। এ মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাসহ ২২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার যুক্তিতর্ক শেষে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এনামুল হক ভুইঁয়া রায়ের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়দিন যুক্তিতর্ক শুনানির পর মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত। গত ২৪ ফেব্র"য়ারি এ মামলার সাক্ষ্য নেওয়া শেষ হয়।
২০০০ সালের ১২ জুলাই সকাল ১১টায় নগরীর বহদ্দার হাট খাজা রোডের মুখে মাইক্রেবাস আরোহী ছাত্রলীগের আট নেতা-কর্মীকে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ছাত্রলীগ নেতা-কর্মীরা মাইক্রোবাসে বাকলিয়ার গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটে যাচ্ছিলেন।
এ ঘটনায় ছাত্র শিবির মহানগর শাখার তৎকালীন সভাপতি এটিএম মিছবাহুল কবীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিবির ক্যাডার সাজ্জাদ খান, হাবীব খান, গিট্টু নাসিরসহ ২২ জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
২০০১ সালের ১৭ জানুয়ারি সিআইডি চট্টগ্রাম জোনের তৎকালীন সহকারী পুলিশ সুপার এম এ কাদের খান ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পিপি অ্যাডভোকেট আহসানুল হক হেনা আরও জানান, এ মামলার অভিযোগপত্রে উল্লেখিত ৬৩ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য নেওয়া হয় এবং বাকীদের বৈরি ঘোষণা করে আদালত।
অভিযুক্ত ২২ আসামির মধ্যে তিন জন বর্তমানে কারাগারে আটক, তিনজন জামিনে, দুইজন র্যাবের ক্রসফায়ারে নিহত এবং বাকিরা পলাতক বলে তিনি জানান।
জামিনে বের হয়ে পলাতক থাকা অবস্থায় আসামি গিট্টু নাসির ও মো. দেলোয়ার ওরফে আজরাইল দেলোয়ার র্যাবের 'ক্রসফায়ারে' নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24