লিয়াকত আলী বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
রংপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "অনেকের অনেক স্বপ্ন থাকে, আমার স্বপ্ন একটাই- মৃত্যুর পর যেন নিজের বাড়ি থেকে লাশ গোরস্থানে নেওয়া হয়", বললেন রংপুরের মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লিয়াকত আলী বাদলকে জানালেন, এক খণ্ড জমির জন্য সরকারি পর্যায়ে ধর্না দিয়েও লাভ হয়নি। টিকে থাকার জন্য নিজের নৈশ প্রহরীর চাকরিটি মাস্টার রোলে অন্তর্ভুক্তিরও দাবি জানিয়েছেন আব্দুর রাজ্জাক।
রংপুর শহরের শালবন এলাকার আব্দুর রহীমের ছেলে আব্দুর রাজ্জাক একাত্তরে ছিলেন প্রাণোচ্ছ্বল যুবক। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে রংপুরে মিছিল-মিটিং কোনটিই বাদ দিতেন না।
উত্তাল সেই সময়ের কথা জানাতে গিয়ে বলেন, "প্রতিদিনই মিছিল হতো। আমি যোগ দিতাম সেই সব মিছিলে। ২৫ মার্চের ঘটনার পর ২৮ মার্চ রংপুরের বীর জনতা লাঠি হাতে রংপুর সেনানিবাস আক্রমণ করে। সেই দিন পাক সেনাদের গুলিতে অনেকে মারা যায়। ওই ঘটনার পর পাকিস্তানি সেনারা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। জ্বালিয়ে দিতে থাকে গ্রামের পর গ্রাম।"
এমনি অবস্থায় আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি বর্তমান নীলফামারী জেলার চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে প্রশিক্ষণ নিয়ে ৬ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ শুরু করেন।
রাজ্জাক জানান, একাত্তরের পুরোটা সময় ডোমার, ডিমলা, সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন তিনি।
চিলাহাটিতে সেনাবাহী ট্রেনে হামলা চালানোর স্মৃতি এখন উজ্জ্বল রাজ্জাকের ম্মৃতিতে।
"দিন-তারিখ মনে নেই, তবে সময়টা নভেম্বর মাসের মাঝামাঝি। আমরা খবর পাই, পাক হানাদার বাহিনীর একটি বিশাল দল ডোমার থেকে ট্রেনে করে চিলাহাটির দিকে আসছে। কোম্পানি কমান্ডার লুৎফর রহমানের নেতৃত্বে আমাদের ৭০ জনকে দায়িত্ব দেওয়া হয় পাক বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার। রাস্তা-ঘাট ভালো না থাকায় চিলহাটিতে আসতে হলে তখন ট্রেন ছাড়া বিকল্প পথ ছিল না।"
"রেল স্টেশনের এক কুলি জানায়, সন্ধ্যা ৭টার ট্রেনে পাক সেনারা চিলাহাটিতে আসবে। দুটি হালকা মেশিনগান, কয়েকটি রাইফেল ও কিছু হ্যান্ড গ্রেনেড নিয়ে বিকালেই আমরা অবস্থান নিই তিন দলে ভাগ হয়ে। এক ভাগ স্টেশনে, একভাগ স্টেশনের কিছুটা আগে, আরেগ ভাগ চিলাহাটি আসার আগে একটি রেল সেতুর কাছে। সন্ধ্যা ঠিক সোয়া ৭টার দিকে ট্রেনটি রেলসেতুর কাছে আসামাত্রই গুলি শুরু করি আমরা। তখন ট্রেনটি থামিয়ে পাক সেনারাও গুলি চালাতে শুরু করে।"
ওই সময়ই দুঃসাহসিক কাজ করেন আব্দুর রাজ্জাক।
"গোলাগুলি চলছিল। এক পর্যায়ে আমরা কয়েকজন ট্রেনের একদম কাছাকাছি চলে যাই। শুরু করি গ্রেনেড হামলা। এতে বেশ কয়েক জন পাক সেনা মারা যায়। বিভিন্ন মুখী আক্রমণে টিকতে না পেরে পাক বাহিনী ট্রেন ছেড়ে পালিয়ে যায়। ভোরে ট্রেনে ঢুকে আমরা ২০টি লাশ পাই। তারা বেশ কিছু অস্ত্র-শস্ত্রও ফেলে যায়।"
এরকম আরও যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আব্দুর রাজ্জাকের।
স্বাধীনতার পর পারিবারিক সমস্যার কারণে শালবনের বাড়িটি বিক্রি করে রাজ্জাকের বাবা আব্দুর রহিম শহরতলীর বুড়িরহাট পাকার মাথা এলাকায় একটি জমি কিনে সেখানে থাকতে শুরু করেন। বাবা মারা যাওয়ার পর অর্থের অভাবে সেই জমিটিও বিক্রি করে দিতে হয়। রাজ্জাক চলে আসেন শহরে; বৈদ্যুতিক মিস্ত্রি হিসাবে কাজ নেন। ২০ বছর আগে রংপুর শিল্পকলা একাডেমিতে নৈশ প্রহরীর কাজ নেন তিনি; বেতন ১ হাজার টাকা। মুক্তিযোদ্ধা ভাতা পান ৬০০ টাকা।
স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে অর্থকষ্টেই দিন কাটাচ্ছেন আব্দুর রাজ্জাক। নিজের এক খণ্ড জমি কেনার সামর্থ্য আর হয়ে ওঠেনি; শহরের শ্যামা সুন্দরী ক্যানেলের ধারে একটি ঘর তুলে পরিবার নিয়ে থাকেন। এখানেই আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর।
মুক্তিযোদ্ধা হিসাবে নিজের এক খণ্ড জমির জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছেন তিনি। বললেন, "আমার একটাই ইচ্ছা, নিজের বাড়ি থেকে লাশ বের করে দাফনের জন্য যেন গোরস্তানে নেওয়া হয়। আমি মারা যাওয়ার পর সন্তানদের যেন একটু ঠাঁই থাকে।"
এ নিয়ে বিভিন্ন সময় সরকারি পর্যায়ে দেন-দরবার করেও কোনও ফল হয়নি বলে জানালেন রাজ্জাক। শিল্পকলা একাডেমিতে নিজের চাকরিটি নিয়েও অসন্তোষ রয়েছে এ মুক্তিযোদ্ধার।
বললেন, "২০ বছর ধরে একই বেতনে কাজ করছি। মাস্টার রোলে অন্তর্ভুক্ত করা হলে বেতন অন্তত সাড়ে তিন হাজার টাকা হতো। কিন্তু বারবার আবেদন নিবেদন করেও চাকিরিটি নিয়মিত করতে পারিনি।"
এ বিষয়েও কর্তৃপক্ষের মনোযোগ চাইলেন বীর মুক্তিযোদ্ধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০১ ঘ.
bdnews24