ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসবার মীর পুকুর পাড় এলাকা থেকে সোমবার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৩৭ বোতল ভারতীয় বিয়ার, ৪৪৭ বোতল মদ ও ৩৩০ বোতল ফেনসিডিল।
কুমিল্লায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করেছে বিডিআর।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা থানার উপপরিদর্শক মো. আশরাফের উদ্ধৃতি দিয়ে জানান, একটি পাওয়ার ট্রিলারে করে মাদকদ্রব্যগুলো পাচার করা হচ্ছে- গোপনে এই খবর পেয়ে পুলিশ মীর পুকুর পাড় এলাকায় পাওয়ার টিলারটি তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় পাওয়ার ট্রিলারের চালক ও অন্যরা পালিয়ে যায় বলে কউকে গ্রেপ্তার করা যায়নি।
আটক মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান তিনি।
কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ গাইট ভারতীয় শাড়ি ও থ্রি পিস উদ্ধার করেছেন বিডিআর।
৩৩ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর মোবাশ্বের জানান, তার নেতৃত্বে বিডিআরের একটি দল কুমিল্লা সদর উপজেলার সুয়াগাজী থেকে একটি কাভার্ড ভ্যানের পিছু নেয়। পরে পদুয়ার বাজারে ভ্যানটি আটক করে তল্লাশি চালান। এ সময় ভ্যান চালক ও তার সহকারী পালিয়ে যায়।
তিনি জানান, উদ্ধারকৃত শাড়ি ও থ্রি পিসের আনুমানিক দাম এক কোটি ৩৫ লাখ টাকা হতে পারে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে। শাড়ি ও থ্রি পিস দেওয়া হয়েছে শুল্ক বিভাগের হেফাজতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24