সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। সেখানে মিলাদেও অংশ নেন তারা।
ওই সময় স্থানীয় নেতারা দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা কারাগারে রয়েছেন, অথচ কেন্দ্রীয় নেতারা 'চুপচাপ' আছে- অভিযোগ করে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
ঢাকায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে সকালে আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দেন তারা।
এর পর যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেয়।
আওয়ামী লীগ নেতারা পরে বঙ্গবন্ধু ভবনে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন। ওই সময় স্থানীয় নেতারা শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করতে কর্মসূচি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের 'নিষ্ক্রিয়তার' জন্য ক্ষোভও প্রকাশ করেন তারা। কথা বলতে গিয়ে অনেকে আবেগাপ্লুতও হয়ে পড়েন।
গোপালগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলী কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা আমাদের ডাকেন, আমাদের কথা শোনেন। আমরা আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্ত দেখতে চাই। এভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া চলবে না।"
টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি লায়েক আলী বলেন, "শেখ হাসিনা জেলে। তাকে বাঁচাতে হবে; তাকে মুক্ত করে আনতে হবে। নেত্রী জেলে আর আপনারা এভাবে চুপচাপ বসে আছেন! এভাবে চুপচাপ বসে থাকলে তাকে বাঁচানো যাবে না।"
তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, "গ্রেপ্তার হওয়ার দুদিন আগে শেখ হাসিনা আমাকে বলেছিলেন, 'বাবা মারা যাওয়ার আগেও আওয়ামী লীগের এখনকার প্রভাবশালী অনেক নেতাকে ফোন করে তাকে বাঁচাতে বলেছিলেন; কিন্তু তাতে সাড়া পাননি। আমি গ্রেপ্তার হলেও সে রকম হবে। তাই আমার ভরসা আপনারা'।"
লায়েক আলী কেন্দ্র্রীয় নেতাদের উদ্দেশে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, "আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, এখন নেত্রী যদি বেরিয়ে এসে আপনাদের কাছে জানতে চান, আপনারা উনার মুক্তির জন্য কী করেছিলেন; তখন আপনারা কী জবাব দেবেন?"
ওই সময় নড়াইলের এক আওয়ামী লীগ নেতা বক্তব্য রাখতে গেলে কেন্দ্রীয় নেতারা তাকে থামিয়ে দেন। কিন্তু এর মধ্যেই তিনি বলেন, "আমরা কথা বলতে গেলেই আপনারা আমাদের থামিয়ে দেন। আজ আমাকে কথা বলতে দিতেই হবে। শেখ হাসিনা জেলে; এখন চুপ করে বসে থাকলে চলবে না।"
পরে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক স্থানীয় নেতাদের উদ্দেশে বলেন, "আমরা যখনই সুযোগ পাচ্ছি, নেত্রীর মুক্তি দাবি করছি। আপনারা বিচলিত হবেন না; কী করা যায় তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।"
তোফায়েল আহমেদ স্থানীয় নেতাদের জানান, ২৬ মার্চের পর জেলার নেতাদের নিয়ে ঢাকায় বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এরপর সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও কাজী জাফরউল্যাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের মসজিদে মিলাদে অংশ নেন।
মিলাদের আগে আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগে কোনও বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকেই শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করব।"
আব্দুর রাজ্জাক বলেন, "নির্বাচন নিয়ে কোনও চক্রান্ত মেনে নেওয়া হবে না। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন হতে হবে। শেখ হাসিনার মুক্তির পর তার নেতৃত্বেই আমরা সোনার বাংলা গড়ে তুলব।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামও জানান, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনাকে মুক্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/এমএ/১৫০০ঘ.
bdnews24