২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের মধ্যে শুরু হচ্ছে যমুনা সেতুর মেরামত কাজ

আগামী এক মাসের মধ্যে শুরু হচ্ছে যমুনা সেতুর মেরামত কাজ। এ জন্য খরচ হবে একশ কোটি টাকা। মেরামতের সময় সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে শুরু হচ্ছে যমুনা সেতুর মেরামত কাজ। এ জন্য খরচ হবে একশ কোটি টাকা। মেরামতের সময় সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। রোববার যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আগামী এক মাসের মধ্যেই মেরামত কাজ শুরু হবে। অবশ্য এ সময় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করা হবে না।" ড. মাহবুবুর রহমান জানান, মন্ত্রণালয় পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনের অপেক্ষা করছে। তবে এর মধ্যেই মধ্যেই সেতু কর্তৃপক্ষের তহবিল থেকে মেরামত কাজ শুরু করা হচ্ছে। এর আগে গত ২৭ ফেব্র"য়ারি যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের যমুনা সেতুর ফাটলের নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড-এর বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৯৪ সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হুন্দাই ইঞ্জিনিয়ারিং যমুনা সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিযুক্ত হয়। চুক্তি অনুযায়ী হুন্দাই কোম্পানি সেতুর নকশা প্রণয়ন ও নির্মাণ করার দায়িত্ব পায়। নির্মাতা প্রতিষ্ঠানের নকশাকারক 'টি ওয়াই লিন' নকশা তৈরি করেন। কর্তৃপক্ষের নিয়োজিত তদারকি প্রতিষ্ঠান 'আরপিটি-এনইডিইসিও-বিসিএল'-এর নকশা প্রকৌশলী জেএম বার এর তদারকি করেন। নির্মাণকালেই (১৯৯৬-৯৮) সেতুর ওপর বেশ কিছু ফাটল দেখা দেয়। সেতুর প্রথম পরিচালনাকারী প্রতিষ্ঠান জোমাক লি. তাদের রক্ষণাবেক্ষণ কাল ১৯৯৮-২০০৩ সালে কিছু কিছু ফাটলের বিষয়ে সেতু কর্তৃপক্ষকে জানিয়েছিল। পরে ফাটল সংখ্যা বাড়লে ২০০৬ সালে যোগাযোগ মন্ত্রণালয় ফাটলের কারণ অনুসন্ধানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি করে। ওই কমিটি সেতুর ডেক স্ল্যাব-এর তাপমাত্রা এবং চাপ সহ্য করার ক্ষমতা অপর্যাপ্ত বলে প্রতিবেদনে উল্লেখ করে। বিশেষজ্ঞ কমিটি সেতুর ওপর দিয়ে চলাচলকারী রেলগাড়ির গতিবেগ হ্রাস এবং অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিল সে সময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/২১৩১ ঘ.