২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইয়ের নির্বাচনে কোন বাধা নেই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তবে সোমবার এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানের ওপর আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। তাই সোমবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তবে সোমবার এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানের ওপর আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। তাই সোমবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীপক্ষের আইনজীবী। খন্দকার রুহুল আমিনসহ এফবিসিসিআইয়ের নির্বাচনে তিন প্রার্থীর দায়ের করা পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। এফবিসিসিআইয়ের প্রশাসক, এর সালিশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য সংগঠনের পরিচালককে (ডিটিও) আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে নির্বাচনের তিন প্রার্থী হোটেল-রেস্তোরা মালিক সমিতির চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ব্যবসায়ী মোঃ আবু নাসের ও আমীর হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করে এফবিসিসিআইয়ের সালিশী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তা স্থগিত করেনি হাইকোর্ট। আদেশের পর রিটকারী পক্ষের কৌসুলী ব্যারিস্টার ইমরান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটকারীরা এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিতের জন্য কোন আবেদন করেনি। তাদের মনোনয়ন পত্র বাতিলের বৈধতা নিয়ে এ রিট করা হয়েছে।" তিনি আরও বলেন, "রিটকারীরা তাদের মনোনয়পত্র বাতিলের এফবিসিসিআইয়ের সালিশী ট্রাইব্যুনালের রায় স্থগিতের আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত সেই রায় স্থগিত করেনি। আদালত নির্বাচনের ওপরও কোন স্থগিতাদেশ দেয়নি। তাই সোমবার এফবিসিসিআইয়ের নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।" রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "নির্বাচন আপিল বোর্ড তিন রিটকারীর পক্ষে রায় দিয়েছে। আপিল বোর্ডের ওই রায় বাতিলের ক্ষমতা সালিশী ট্রাইব্যুনালের নেই। এ বিষয়ে তিনি উচ্চ আদালতের নজিরও উপস্থাপন করেন।" রিট আবেদনে বলা হয়েছে, খন্দকার রুহুল আমিন, মোঃ আবু নাসের ও আমীর হোসেন খান এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। কিন্তু আবু নাসের ঋন খেলাপী থাকায় ও আমীর হোসেন মনোনয়নপত্রে তার সমর্থনকারীর স্বাক্ষর ভুল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন বোর্ড। তাছাড়া খন্দকার রুহুল আমিন এফবিসিসিআইয়ের বিরুদ্ধে করা একটি মামলায় হাইকোর্টে হেরে গেছেন দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়। আবেদনে আরও বলা হয়, এফবিসিসিআইয়ের নির্বাচন আপিল বোর্ড গত ২০ ফেব্র"য়ারি নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন। তবে এফবিসিসিআইয়ের সালিশী ট্রাইবুনাল গত ৯ মার্চ আপিল ট্রাইবুনালের রায় বাতিল করে তিন জনকে ভোটার হিসাবে অযোগ্য ঘোষণা করে এবং তাদের মনোয়নপত্র বাতিল করে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৬২৮ঘ.