ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে রোববার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি এবং রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে গীতা পাসি সরকারের প্রতিশ্র"তি অনুযায়ী ২০০৮ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের প্রতিশ্র"তি মোতাবেক ২০০৮ সালের শেষ নাগাদ একটি অবাধ, সুষ্ঠু ও পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।"
বৈঠক শেষে এম কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে নির্বাচন কমিশন, আগামী সংসদ নির্বাচন ও সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের অবস্থান জানতে চেয়েছেন।"
কামারুজ্জামান বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের অবস্থানের কথা তাকে জানিয়েছি।"
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা নিয়মিতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আগামী কয়েক দিনের মধ্যে গীতা পাসি জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবেন বলে ঢাকার মার্কিন দূুতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৬২৪ ঘ.
bdnews24