মুক্তাদীর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা আহমদ আলীর নিজের কোনও বাড়ি নেই। স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে দিন কাটে তার; সংসার চালান ভিক্ষে করে। জীবনযুদ্ধে পরাজিত আহমদ আলী এখনও স্বপ্ন দেখেন, একটি সমৃদ্ধ দেশের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মুক্তাদীর আহমদকে বললেন, "সবাই মিলে কাজ করলে সোনার বাংলা গড়ে তোলা এখনও সম্ভব।" যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন তিনি। সরকারের কাছে তার চাওয়া, বসতভিটাহীন মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার একটি ঠাঁই যেন করা হয়।
আহমদ আলীর জন্ম ১৯৫৩ সালে, সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংগেরকাচ গ্রামে। বাবা আকবর আলী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক মাসের মাথায় মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "বাবা মারা যাওয়ার আট দিন পর পাক হানাদার বাহিনীর দুই জন সহযোগী বাংকার খননের কাজে নিয়ে যেতে চায় আমাকে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বেধড়ক মারধর করে। তখন যুক্তরাজ্য প্রবাসী নোয়াব আলীর সহায়তায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ৪০ জনকে একত্র করি। নোয়াব আলীর খরচায় তাদের নিয়ে রাতের আঁধারে বেরিয়ে পড়ি মুক্তিযুদ্ধে যোগ দিতে।"
আহমদ আলী দলবল নিয়ে প্রথমে ভারতের উত্তর আসামের চেলার বাজারের ডিংরী ক্যাম্পে গিয়ে ওঠেন। শারীরিক অক্ষমতার কারণে ওই দল থেকে ১০ জনকে ছাতকে ফেরত পাঠানো হয়। আহমদ আলীসহ বাকি ৩০ জনকে ৩০০ জনের একটি দলে অন্তর্ভুক্ত করা হয়।
"২১ দিনের প্রশিক্ষণ শেষে আমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। ৫ নম্বর সেক্টরে তামাবিলের ১ নম্বর প্লাটুনে যোগ দিই আমি। এসএলআর কাঁধে নিয়ে প্রথম অপারেশনে যাই জাফলংয়ের রাধানগর এলাকায়। পরে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিই।"
দেশ স্বাধীন হওয়ার পরদিন সিলেটের আলিয়া মাদ্রাসায় সেক্টর কমান্ডারের কাছে অস্ত্র জমা দিয়ে গ্রামের বাড়িতে ফেরেন আহমদ আলী। দেখেন, পাকিস্তানিরা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। মা, ভাই, বোনকে নিয়ে একটি চালাঘর তৈরি করে থাকতে শুরু করেন। ভাইবোনদের বিয়ে দিয়ে নিজেও বিয়ে করেন কুমিল্লার মেয়ে সাফিয়াকে। সাফিয়ার গর্ভে জন্ম নেয় ছেলে আছমত আলী।
মা মেহেরজান বিবি ও বড় ভাবির পরামর্শে ভিটেমাটি বিক্রি করে আত্মীয়ের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে চলে আসেন। এখানে বাড়ি বিক্রির টাকা দিয়ে বড় ভাই এর শ্বশুরের নামে একখণ্ড জমি কিনে ঘর বানানো হয়। পেটের তাগিদে মুক্তিযোদ্ধা আহমদ আলী লেগে যান দিন মজুরের কাজে। কিছুদিন যেতে না যেতেই আকস্মিভাবে স্ত্রী সাফিয়ার মৃত্যু ঘটে। ওই সময়ই ভিটেমাটি থেকে উচ্ছেদ হন আহমদ আলী। ছোট ভাই রহমত মাকে তার কাছে নিয়ে যায়। আর ছেলে আসমতকে নিয়ে আহমদ আলী আশ্রয় নেন কয়কস গ্রামের মুক্তিযোদ্ধা আজমান আলীর বাড়িতে।
"আজমানের বাড়ির উঠোনোর এক কোণে ছোট্ট জীর্ণশীর্ণ কুঁড়েঘরে ছেলেকে নিয়ে মোটামুটি দিন কাটছিল। কিন্তু কপালে সুখ সইলো না। একদিন ছাতকে কাজে গিয়ে ছেলে আছমত আর বাড়ি ফিরলো না। একা হয়ে পড়লাম। প্রতিবেশীদের অনুরোধে নোয়াখালীর ভাতের টেকের রিনা বেগমকে বিয়ে করলাম।"
রিনার গর্ভে একে একে জন্ম নেয় তিন ছেলে ইছমত (৯), ফরহাদ (৬) এবং রাশেদের (৪)। দিনমজুর আহমদ আলী আবারও হোঁচট খেলেন। একদিন বাঁশ কাটতে গিয়ে শরীরে প্রচণ্ড আঘাত পান। বাঁশের আঘাতে তার ডান হাত ও ডান পা অবশ হয়ে যায়। চিকিৎসকরা জানালেন, তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন।
আহমদ আলী জানান, তিনি মাসিক মুক্তিযোদ্ধা ভাতা পান ৬০০ টাকা; দুটো রিক্সার নাম্বার প্লেট ভাড়া দিয়ে পান মাসে ১ হাজার টাকা। এ টাকার প্রায় পুরোটাই চলে যায় ওষুধ কিনতে। প্রতিবেশীদের কাছে হাত পেতে সংসার চালাতে হয়। যখন ক্ষুধার্ত তিন ছেলে তরকারি না পেয়ে লবণ দিয়ে পানি ভাত খায়, তখন নিরূপায় হয়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়েন।
এলাকার মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান হুশিয়ার আলী ও সিরাজুল ইসলামের সহযোগিতায় বড় ছেলে ইছমতকে (৯) জুবেদা বিদ্যা নিকেতনে এবং মেজো ছেলে ফরহাদকে (৬) ব্র্যাক স্কুলে ভর্তি করিয়েছেন।
মুক্তিযোদ্ধা আহমদ আলী মানুষের দয়া আর নিজের শরীরের সর্বশেষ শক্তিটুকু দিয়ে কোনারকমে টিকে আছেন। মুক্তিযুদ্ধের এ বীর সেনানী এখন জীবনযুদ্ধে এক অসহায় সৈনিক। তারপরও মুক্তিযুদ্ধের বাংলাদেশ খোঁজেন। বলেন, "সম্মিলিতভাবে চেষ্টা করলে এখনও এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।"
তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেন, "যুদ্ধাপরাধীদের শাস্তি না হলে মুক্তিযোদ্ধারা মরেও শান্তি পাবে না।"
মুক্তিযোদ্ধা আহমদ আলী শুধু নিজের জন্য কিছু চান না। সরকারের কাছে তার এতটুকুই চাওয়া, "সরকার দেশের দুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা আর বসতভিটাহীন মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁইয়ের একটি ব্যবস্থা যেন করে দেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24