ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় লোকজন এক সন্ত্রাসীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী জয়নাল আবেদিন (৩৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান বাহুতে একটি গুলি লেগেছে।
ধৃত সন্ত্রাসীর নাম ইসমাইল হোসেন (২৫)। গণপিটুনিতে সে মারাত্মক আহত হয়েছে।
মিরপুর সেনপাড়া পর্বতার বাসিন্দা জয়নাল আবেদিন গার্মেন্টস-যন্ত্রাংশের ব্যবসা করেন। মিরপুর ১০ নম্বর গোলচক্করে 'শাওন এন্টারপ্রাইজ' নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
জয়নাল জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৩/৪ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি মাটিতে পড়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দীন মাহমুদ বলেন, "গুলি করে পালানোর সময় বেশ কিছুটা দূর ধাওয়া করে জনতা ইসমাইলকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে তাকে আমাদের কাছে হস্তান্তর করে।"
তিনি জানান, ইসমাইলের কাছে শুধু একটি ককটেল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। গণপিটুনিতে সে মারাত্মক আহত হয়েছে। সে কোনও সন্ত্রাসী দলের সদস্য কী না তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩৩০ ঘ.
bdnews24