জামালপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারে আলু রাখার দাবিতে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছে জামালপুরের কয়েক'শ আলু চাষী।
আলু চাষীদের অভিযোগ, জামালপুর শহরের বিসিক শিল্পনগরীতে আলী নূর হিমাগারে পাঁচ হাজার মেট্রিক টন আলু রাখা যায়। স্থানীয় কৃষকদের চাহিদা শেষে অন্য জেলার কৃষক বা ব্যবসায়ীদের চাহিদা মেটানোর কথা। কিন্তু এই হিমাগার কর্তৃপক্ষ নিজ জেলার চাষীদের উৎপাদিত আলু নিচ্ছে না। চাষীরা বীজ আলু নিয়ে ৩/৪ দিন ধরে হিমাগারের সামনে বিসিক মাঠে অবস্থান করছে।
বিক্ষোভ করা চাষীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিমাগার কর্তৃপক্ষ শনিবার দুপুরে পুলিশ ডেকে চাষীদের লাঠিপেটা করিয়েছে। শনিবার দুপুরে কয়েক'শ চাষী ট্রাক ও ভ্যানযোগে আনা আলু ফিরিয়ে নিয়ে গেছেন। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করছিল আরও কয়েক'শ চাষী।
শুক্কর আলী, হুমায়ুন, মাজল, হাফিজুরসহ অসংখ্য চাষী অভিযোগ করেন, কর্তৃপক্ষ তাদের আলু নেবে বলেছিল। কিন্তু আলু না নেওয়ায় ৩/৪ দিন ধরে খোলা আকাশের নীচে তারা অপেক্ষা করছেন। গাড়ি ভাড়াও দিচ্ছেন।
চাষীদের অভিযোগ ব্যাপারে হিমাগারের ব্যবস্থাপক মো. শাহীনের কাছে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, "এ বিষয়ে আমি কোন জবাব দেব না। আপনাদের যা ইচ্ছা লিখতে পারেন।"
এক পর্যায়ে শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে তার কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24