ঝিনাইদহ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কুমড়োবাড়িয়া গ্রামে একটি ইটভাটায় একদল সন্ত্রাসী বোমাবাজি ও ফাঁকা গুলিবর্ষণ করেছে। বোমা বিস্ফোরণ আলম নামের একজন ট্রাক চালক আহত হন। তকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইটভাটার মালিক দিনু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫-৬ জন সন্ত্রাসী রাত দেড়টার দিকে তার ইটভাটায় হানা দেয়। তারা নৈশ প্রহরী আমজাদ হোসেনকে মারধর করে। তারপর দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে থাকা একটি ট্রাকের চালক আলম আহত হন। এরপর তারা ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে চলে যায়। যাওয়ার আগে ইটভাটা বন্ধ করে দিতে শাসিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আলী জানান, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) এ ঘটনা ঘটিয়েছে। তবে কেন ঘটিয়েছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24