রংপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ দুই দিনের সফরে শনিবার বিকেলে রংপুর পৌঁছেছেন।
রংপুর সেনানিবাসে পৌঁছে বিকেল সাড়ে চারটায় তিনি গলফ্ ক্লাব উদ্বোধন করেছেন।
বিকেলে সেনাপ্রধান রংপুর সেনানিবাসে এসে পৌঁছলে ৬৬ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহম্মেদ রুমির নেতৃত্বে সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি গলফ্ কোর্সের ফলক উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় জেনারেল মইন বলেন, "রংপুর জেলার সার্বিক উন্নয়ন এবং এ অঞ্চলের জনগণকে উন্নয়নের ধারায় যুক্ত করতে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প/প্রকল্প নির্মাণ ও এনজিও-এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।"
ভবিষ্যতে এ অঞ্চলে গলফ্ অনুরাগীদের সমাগমের সম্ভাবনা ও প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে গলফ্ কোর্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে এই গলফ্ ক্লাবে ৬৪ জন পুরুষ ২১ জন নারী ছাড়াও ১৮ জন জুনিয়র গলফার রয়েছে।
বিকেলে 'গলফ্ অ্যান্ড গলফ্ কোর্সেস ইন বাংলাদেশ'শীর্ষক একটি গ্রন্থের মোড়কও উন্মোচন করেন সেনাপ্রধান।
আগামীকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সেনাপ্রধান মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বৃহত্তর রংপুর জেলার ইতিহাস-ঐতিহ্য বিষয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করার কথা রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএ/১৭৩৩ ঘ.
bdnews24