২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় তেল-গ্যাস ইজারা কার্যক্রম স্থগিত রাখার আহ্বান

চলমান জরুরি অবস্থার মধ্যে তেল-গ্যাস ক্ষেত্র বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক। সরকারের কাছে এক লিখিত বক্তব্যে তারা জানায়, তেল-গ্যাস জনগণের সম্পদ, তাই জরুরি অবস্থার মধ্যে জনগণের মতামত ছাড়া সে সম্পদ বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত রাখা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান জরুরি অবস্থার মধ্যে তেল-গ্যাস ক্ষেত্র বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক। সরকারের কাছে এক লিখিত বক্তব্যে তারা জানায়, তেল-গ্যাস জনগণের সম্পদ, তাই জরুরি অবস্থার মধ্যে জনগণের মতামত ছাড়া সে সম্পদ বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত রাখা উচিত। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিিিটউশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাগরের তেল-গ্যাস ইজারায় 'উদ্বিগ্ন নাগরিক সমাজ'র পক্ষে ওই শিক্ষকরা সরকারের কাছে এ দাবিসহ বেশ কয়টি সুপারিশ তুলে ধরেন। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গত ১৪ ফেব্র"য়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র আহ্বানের দশ সপ্তাহের মধ্যে দরপত্র জমা দিতে হবে। আগামী অক্টোবরের মধ্যে সাগরের সব ব্লক (২৮ টি) পিএসসির আওতায় বরাদ্দ দেওয়া হবে। শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। লিখিত বক্তব্যে বলা হয়, "বিদেশি কোম্পানির সঙ্গে যে কোনও ধরনের চুক্তি করার আগে প্রয়োজনীয় তথ্য-জরিপের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে হবে। প্রয়োজনে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে পুনর্গঠন করে তাকেই সিসমিক সার্ভের জন্য প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা ও আর্থিক অনুদান দেওয়া যেতে পারে।" বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন এবং প্রতিটি বিনিয়োগ চুক্তি পুঙ্খাণুপুঙ্খ পর্যালোচনার পরামর্শ দিয়ে এক্ষেত্রে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান ওই শিক্ষকরা। এ ছাড়া তেল, গ্যাস, কয়লার অভ্যন্তরীণ ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মজুদ রাখার ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক সাদ উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, অর্থনীতি বিভাগের আবু আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আকমল হোসেন, ভূতত্ত্ব বিভাগের হোসেন মনসুর ও বদরুল ইমাম, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক খলিলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মইনুল ইসলাম ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিন এম শামসুল আলম প্রমুখ। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "প্রতি ঘনফুট গ্যাস উত্তোলনে খরচ হয় ২৫ টাকা। আমরা বাপেক্স-এর কাছ থেকে এই গ্যাস কিনি ৭ টাকা দরে। অথচ বিদেশি কোম্পানির কাছ থেকে একই গ্যাস কিনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা দরে।" গ্যাস উত্তোলন ও অনুসন্ধানের দায়িত্ব জাতীয় সংস্থা বাপেক্সকে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাপেক্সকে ৩০ টাকা দরে গ্যাস বিক্রির জন্য সরকার দাম বেঁধে দিতে পারে। এতে জাতীয় প্রতিষ্ঠানটি লাভজনক হবে। এর ফলে গ্যাস উত্তোলন ও অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও কিনতে পারবে তারা।" বাংলাদেশ থেকে জ্বালানি রপ্তানি বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান পিএসসির আওতায় চুক্তি করলে আমাদের জ্বালানি সম্পদের ক্ষেত্রে আরও বেশি বিপদ ডেকে আনবে। অধ্যাপক আবুল বারাকাত প্রশ্ন রেখে বলেন, "তেল-গ্যাস জনগণের সম্পদ। আর সেই জনগণকে জিজ্ঞাসা না করেই কিভাবে এর দরপত্র আহ্বান করা হলো?" তিনি অবিলম্বে ওই দরপত্র বাতিলের আহ্বান জানান। অধ্যাপক সাদ উদ্দিন বলেন, "এর আগেও অসম চুক্তি করার কারণে গ্যাসক্ষেত্রে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। জনগণের মতামত না নিয়ে এবারও দরপত্র আহ্বান করা হয়েছে।" দরপত্র বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, "ডিসেম্বরে নির্বাচিত সরকার এলে জনগণের মতামত নিয়ে দরপত্র আহ্বান করলেই বরং ভালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমএ/১৫২১ঘ.