চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার নিয়ে শনিবার চট্টগ্রাম নগরীতে বিশাল শোভাযাত্রা বের হয়।
দুর্নীতিকে 'না' বলার শপথ নিয়ে 'দুর্নীতি বিরোধী গ্র্যান্ড র্যালি' নামে শোভাযাত্রায় স্কুল-মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রায় অর্ধলক্ষ নারী-পুরুষ অংশ নেয়। শোভাযাত্রা ঘিরে নগরীর বিভিন্ন এলাকা ছিল উৎসবমুখর।
সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে শোভাযাত্রা উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় হাসান মশহুদ চৌধুরী বলেন, "দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই আমরা এখানে সমবেত হয়েছি। ভবিষ্যতেও দুর্নীতিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে চট্টগ্রামবাসীকে সোচ্চার আওয়াজ তুলতে হবে।"
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈরি করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে হাসান মশহুদ জানান।
তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে কঠোর অবস্থান নিতে হবে। কারণ তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে।"
শোভাযাত্রাটি ওয়াসা, জিইসি ও গোল পাহাড় মোড় হয়ে পুনরায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে এসে শেষ হয়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রার সময় বিভিন্ন সড়কে ব্যাপক যানজটে আটকে থাকা হাজার হাজার জনতাও দুর্নীতির বিরুদ্ধে সংহতি প্রকাশ করে শোভাযাত্রায় অংশ নেওয়াদের হাততালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম মহানগর আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, দুনির্তি দমন কমিশনের চট্টগ্রামের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার, নারী উদ্যোক্তা মনোয়ারা হাকিম আলী বক্তব্য রাখেন।
শোভাযাত্রায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছাড়াও সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আবু তালেব মিয়া, ব্যবসায়ী নেতা মাহবুব আলী, আবুল বশর চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জমিয়াতুল ফালাহ ময়দানে সমবেত হন।
শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি ও সিটি কর্পোরেশনভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, রেড ক্রিসেন্ট সোসাইটি, অর্ধশতাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24