ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের ধারাবাহিকতায় একাত্তরের এই দিনেও ঢাকাসহ সারাদেশে উড়ছিল কালো পতাকা। বিভিন্ন স্থানে গড়ে উঠছিল সংগ্রাম পরিষদ। শুধু পূর্ব পাকিস্তান নয়, পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতারাও ক্ষমতা হস্তান্তরের দাবি তুলছিলেন। এমনই এক সময় কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় এলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।
১৫ মার্চ বিকালে ইয়াহিয়া খান যখন ঢাকায় নামেন, তখন নতুন সারিক বিধি জারির প্রতিবাদে বায়তুল মোকাররমে চলছিল স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ। সে সমাবেশে ছাত্রনেতারা ঘোষণা দেন, "বাঙালির ওপর সামরিক বিধি জারির ক্ষমতা কারও নেই। দেশের জনগণ এখন শুধু শেখ মুজিবের নির্দেশই মেনে চলবে।"
সমাবেশ থেকে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
ইয়াহিয়া খান তেজঘাঁও বিমানবন্দরে যখন নামেন, তখন কোনও সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকে ১৮, পাঞ্জাব ইনফ্যান্টি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তিনি আশ্রয় নেন প্রেসিডেন্ট হাউজে।
এদিকে এই দিন সকালে বেসামরিক কর্মচারীরা রাজপথে বিক্ষোভ করেন। শহীদ মিনারে সমাবেশ শেষে শোভাযাত্রা বের করেন চিকিৎসকরা। কবি সুফিয়া কামালের নেতৃত্বে তোপখানা রোডে হয় নারী সমাবেশ। সেখানে শিল্পীরা দেশাত্মবোধক গান গাইবেন। ভ্রাম্যমাণ ট্রাক নিয়ে গণসঙ্গীত গেয়ে জনগণকে উদ্দীপ্ত করতে থাকে উদীচী, মোড়ে মোড়ে করে পথনাটক।
অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, পিপলস পার্টিকে বাদ দিয়ে কোনও সরকার গঠন সম্ভব নয়। পশ্চিম পাকিস্তানে পিপলস পার্টির সংখ্যাধিক্য রয়েছে। তাই কেন্দ্রের ক্ষমতা পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সংখ্যাগুরু দল দুটির কাছে এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতা আওয়ামী লীগের কাছে হস্তান্তরই সমীচীন হবে।
পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা আসগর খান বলেন, সংখ্যাগুরু দলের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে গণতন্ত্রসম্মত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১২৬ ঘ.
bdnews24