২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যাদির বিরুদ্ধে যুদ্ধ করিছি, দ্যাশের মধ্যি তারাই আজ ভালো আছে'

মাতৃভূমি স্বাধীন করতে একাত্তরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন নড়াইলের খোকন দেবনাথ। যুদ্ধের সময় পায়ে গুলি লাগে। মুক্তিযুদ্ধে জয়ী খোকন জীবনযুদ্ধে এখন পরাজিত বলেই নিজেকে মনে করেন। মাসে ৫০০ টাকা ভাতা আর ছোট্ট একটি চায়ের দোকানই চালিয়ে নিচ্ছে তার সংসার। ৩৭ বছর পরে এসে তার উপলব্ধি, "যাদির বিরুদ্ধে যুদ্ধ করিছি, দ্যাশের মধ্যি তারাই আজ ভালো আছে।" খোকন দেবনাথের কথা শোনাচ্ছেন মাহবুবুর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 05:13 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নড়াইল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃভূমি স্বাধীন করতে একাত্তরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন নড়াইলের খোকন দেবনাথ। যুদ্ধের সময় পায়ে গুলি লাগে। মুক্তিযুদ্ধে জয়ী খোকন জীবনযুদ্ধে এখন পরাজিত বলেই নিজেকে মনে করেন। মাসে ৫০০ টাকা ভাতা আর ছোট্ট একটি চায়ের দোকানই চালিয়ে নিচ্ছে তার সংসার। ৩৭ বছর পরে এসে তার উপলব্ধি, "যাদির বিরুদ্ধে যুদ্ধ করিছি, দ্যাশের মধ্যি তারাই আজ ভালো আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধাপরাধীদের বিচার চাইলেন মুক্তিযোদ্ধা খোকন দেবনাথ। তবে বর্তমান সরকারও যুদ্ধাপরাধীদের বিচার করবে কিনা- তা নিয়ে সংশয় রয়েছে তার। খোকন দেবনাথের বাড়ি নড়াইল জেলা শহরের মহিষখোলা এলাকায়। শহরের কোর্ট এলাকায় একটি চায়ের দোকান রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে কথা হয় সে চায়ের দোকানে বসেই। যুদ্ধে যাওয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, "বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ছেড়ে দিয়ে যুদ্ধে গিছিলাম। যুদ্ধ করতি গিয়ে শত্র"দের গুলি আমার পায়ে লাগে, তবু ভয় পাইনি। যুদ্ধ করেই দেশটারে স্বাধীন করিছি।" একাত্তরে যুদ্ধের শুরুর দিকেই পাকিস্তানি সেনাবাহিনী নড়াইলের রূপগঞ্জ বাজারে এসে নির্বিচারে লোকজনকে হত্যা করে। ওই ঘটনার পরপরই যোদ্ধা হিসাবে প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান খোকন। রামপুরা ক্যাম্পে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৮ নম্বর সেক্টরে যোগ দেন। সেক্টর কমান্ডার এম এ মঞ্জুরের অধীনে স্পেশাল ব্যাচের সদস্য হিসেবে নড়াইলে লোহাগড়ার ইতনা, শরশুনা, ভাটিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন। রণাঙ্গণের বিশেষ একটি স্মৃতির কথা তুলে ধরেন খোকন দেবনাথ। "শরশুনা পাক হানাদারদের একটি বড় ঘাঁটি ছিল। মুক্তিযোদ্ধারা বেশ কয়েক বার হামলা চালিয়েও হানাদারদের হারাতি পারেনি। তখন লেফটেন্যান্ট সিদ্দিকের নেতৃত্বে আমরা ভারী অস্তর-সস্তর (অস্ত্র-শস্ত্র) নিয়ে হামলা কইরে তাদের হারায়ে দিছিলাম। সে যুদ্ধে ১০/১২ আর্মি ও রাজাকারকে খতম করিছিলাম, আর ২১ জনকে ধরে ফেলিছিলাম। এলাকার মানুষ খুশি হয়ে আমাদের জন্যি পাঁচটি খাসি মারায়ে খাওয়াইছিল।" সীমান্ত এলাকায় যুদ্ধ করার সময় একবার খোকনের বাম পায়ে একটি গুলি বেঁধে। ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি। যুদ্ধ শেষে একটি এসএলআর, দুটি ম্যাগজিন, দুটি গ্রেনেড জমা দিয়ে আবার জীবন সংগ্রামে নামেন খোকন। জানান, একটি চায়ের দোকান ও ৫০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা নিয়েই এখন চালিয়ে নিচ্ছেন সংসার। আলাপচারিতার এ পর্যায়ে এ বীরযোদ্ধা হঠাৎ ক্ষোভের সঙ্গে বলেন, "এ সব কথা বইলে কোনও লাভ নেই; খামাখা সময় নষ্ট। অনেকেই আসে গল্প মনে কইরে শোনে। যাওয়ার সময় অনেক কথা বলে যায়, কিন্তু কিছুই হয় না।" "আমার টাকা, পয়সা, মামু, খালু নেই; তাই বিভিন্ন সময়ে যোগ্যতা থাকার পরও নিজির জন্য বা পরিবারের কারু জন্যিই কোনও চাকরি জোগাড় করতি পারিনি। মুক্তিযোদ্ধা কুটায় টাকার জোরে অন্যরা চাকরি পাইয়ে যায়।" স্বাধীনতার ৩৭ বছর পর এসে খোকন নাথের উপলব্ধি, "৭১-এ যাদির বিরুদ্ধি যুদ্ধ করিছিলাম, সেই রাজাকাররাই আজ দেশের মধ্যি ভালো আছে।" "ইরাই দেশের সবচেয়ে বড় শত্র"। এদের জন্যিই দেশের আজ এই খারাপ অবস্থা। এদের অবশ্যই বিচার করা দরকার", বলেন তিনি। তবে পরক্ষণেই সংশয় প্রকাশ করেন। "তবে এ সরকার মনে হয় এদের বিচার করতি পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.