ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপ ও এশিয়া অঞ্চলের নতুন লেখক ক্যাটাগরিতে ২০০৮ সালের কমনওয়েলথ রাইটার্স পুরস্কার জিতে নিয়েছে তাহমিমা আনামের উপন্যাস 'এ গোল্ডেন এজ'।
আর এই অঞ্চলের সেরা বইয়ের মর্যাদা পেয়েছে ইন্দিরা সিনহার 'অ্যানিম্যাল পিপল'।
কমনওয়েলথ রাইটার্স পুরস্কারের নির্বাচকদের দৃষ্টিতে 'স্পর্শকাতর ও স্মৃতিজাগানিয়া' এ বইয়ে তাহমিমা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহকে তুলে এনেছেন কাব্যিক ঢঙে।
কমনওয়েলথ রাইটার্স পুরস্কার জয়ের খবরে তাহমিমা যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "বিগত বছরগুলোতে আমার পছন্দের অনেক লেখক এই পুরস্কার পেয়েছেন। এখন আমি নিজে তাদের কাতারে আসতে পেরে সম্মানিত বোধ করছি।"
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তনয়া তাহমিমা বলেন, "বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই আঞ্চলিক পুরস্কার পেয়ে আমি দারুণ আনন্দিত।"
আফ্রিকা, কানাডা ও ক্যারিবিয়া; ইউরোপ ও দক্ষিণ এশিয়া; দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল- এ চারটি আঞ্চলিক বিভাগে সেরা বই ও নতুন লেখকদের সেরা বই ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।
অস্ট্রেলিয়ার ম্যাককোয়ার গ্র"প ফাউন্ডেশনের সহযোগিতায় কমনওয়েলথ ফাউন্ডেশন এক হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার দিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/ডিডি/জেকে/এমএ/২২১৮ ঘ.
bdnews24