বরিশাল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেকান্দার হায়াত রেজভীর বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ এসেছে। ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরা ভাঙার অভিযোগ এনে ওই ইউএনওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক সাংবাদিক।
শুক্রবার সকালে নলছিটি উপজেলা ভূমি অফিসের কাছে এ ঘটনা ঘটে। তবে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।
আহত মুক্তিযোদ্ধা কাজী মাহবুব আলম (৫৫) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮৫ সালে তিনি নলছিঠি থানা খালসংলগ্ন এক একর তিন শতাংশের একখণ্ড জমি কিনতে জনৈক জয়নাল এবং ফিরোজা বেগমের সঙ্গে চুক্তি করেন। কিন্তু স্থানীয় প্রশাসন জমিটি সরকারি সম্পত্তি বলে দাবি করে। তখন চুক্তিবলে জমির মালিকানা দাবি করে তিনি ঝালকাঠীর যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।
এদিকে মামলা চলাকালেই নলছিঠির সহকারী কমিশনার (ভূমি) ওই জমিতে একটি শহীদ মিনার তৈরির কাজ শুরু করেন বলে মাহবুব আলম জানান।
তিনি বলেন, "বিষয়টি আদালতে তুলে ধরলে আদালত ওই জমিতে কোনও কিছু নির্মাণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ভূমি অফিস তা অমান্য করেই শহীদ মিনার তৈরির কাজ ফের শুরু করে।"
মাহবুব আলম জানান, তখন সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আদালতে তিনি মামলা করেন। ওই মামলার সাক্ষ্য চলতি বছরের ২৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া গত ১০ জানুয়ারি আগের মামলায় তাকে জমির দলিল বুঝিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।
তিনি বলেন, "শুক্রবার সকাল ৭ টার দিকে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণের কাজ শুরু করলে ইউএনও সেকান্দার হায়াত রেজভী ভূমি অফিসের সার্ভেয়ার এবং কর্মচারীদের নিয়ে তাতে বাধা দেয় এবং আমাকে মারধর করে।"
মাহবুব আলীর অভিযোগ, ইউএনও রেজভী বাঁশের লাঠি দিয়ে মেরে তার ডান হাতের কবজী ভেঙে দিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব আলীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
কাজী মাহবুব আলম জানান, তিনি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন।
এদিকে ওই ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে- অভিযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজভীর বিরুদ্ধে দৈনিক যুগান্তরের নলছিঠি প্রতিনিধি মনিরুজ্জামান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে তা মামলা হিসাবে নেয়নি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক নলছিটি থানার এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএনও এবং তার সঙ্গীদের হামলায়ই মাহবুব আলম আহত হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদন এখনও না পাওয়ায় সাংবাদিক মনিরুজ্জামানের দায়ের করা অভিযোগটি এখনও মামলা হিসাবে নেওয়া হয়নি।"
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেকান্দার হায়াত রেজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুমিদস্যু মাহবুব সরকারি জমি দখল করছে এমন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে পৌছাই। ওই সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।"
এ ঘটনায় সরকারি কাজে বাধা দানের অভিযোগে থানায় প্রশাসনের উদ্যোগে মামলা করা হবে বলে তিনি জানান।
সাংবাদিকের ক্যামেরা ভাংচুরের অভিযোগেও অস্বীকার করেন ইউএনও রেজভী।
তিনি দাবি করেছেন, "হামলায় আমি গুরুতর আহত হয়ে নলছিঠি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছি।"
তবে স্থানীয় সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রোগী ভর্তির নিবন্ধন খাতায় সেকান্দার হায়াত রেজভীর নাম দেখতে পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৯ ঘ.
bdnews24