গাজীপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। পরে একই এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা আটক ডাকাতদের পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে পুলিশ-জনতা সংঘর্ষে পাঁচ জন আহত হয়।
নিহত ডাকাতরা হলো, আনোয়ার ও জুলহাস। তাদের পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতরা হলো, সাইদুর, শহীদুল্লাহ, মোতাহার, আনোয়ার হোসেন ও শাহীন মোল্লা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে এক দল ডাকাত ট্রলারযোগে শীতলক্ষ্যার তীরে শ্রীপুরের নান্দুয়া সাঙ্গুন এলাকায় হানা দেয়। তারা নিজামউদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় লোকজন টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে।
ডাকাতরা পালানোর সময় নদীর ওপারের কাপাসিয়ার সিংহশ্রী ফাঁড়ির পুলিশও ট্রলার নিয়ে ডাকাতদের পিছু নেয়। এক পর্যায়ে ডাকাতরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে কূলে উঠে যায়। আনোয়ার ও জুলহাস শ্রীপুরের বর্মী ইউনিয়নের পেলাইদ চরে ওঠে। সেখানে গ্রামবাসী দুই ডাকাতকে ধরে পিটিয়ে হত্যা করে। অপর দুই ডাকাত সাইদুর ও আনোয়ার হোসেনকে সিংহশ্রী ফাঁড়ি পুলিশ আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ওই সময় কয়েক গ্রামের ৪/৫ হাজার লোক ফাঁড়িতে এসে গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এতে পুলিশ ও জনতা ধাওয়া-পাল্টাধাওয়ায় পাঁচ জন আহত হয়।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি মাইকযোগে জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।
পরিস্থিতি শান্ত হওয়ার পর শ্রীপুর ও কাপাসিয়া থানা পুলিশ শহীদুল্লাহ, শাহীন মোল্লা ও মোতাহার নামে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করে।
নিহত দুই ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
শুক্রবার রাতে কালিয়াকৈর উপজেলার নয়ানগর গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৯ ঘ.
bdnews24