২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের সিদ্ধান্তে যুদ্ধাপরাধীরাই লাভবান হয়েছে'

সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেছেন, সরকার ফোরামকে জাতীয় কনভেশন করার অনুমতি না দেওয়ায় যুদ্ধাপরাধীরাই লাভবান হয়েছে। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফোরাম এ মাসেই জাতীয় কনভেশন অনুষ্ঠানের জন্য চেষ্টা চালাবে। এ জন্য নতুন করে আবার আবেদন করা হবে। তারপরও অনুমতি না পাওয়া গেলে যে কোনও পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেছেন, সরকার ফোরামকে জাতীয় কনভেশন করার অনুমতি না দেওয়ায় যুদ্ধাপরাধীরাই লাভবান হয়েছে। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফোরাম এ মাসেই জাতীয় কনভেশন অনুষ্ঠানের জন্য চেষ্টা চালাবে। এ জন্য নতুন করে আবার আবেদন করা হবে। তারপরও অনুমতি না পাওয়া গেলে যে কোনও পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেক্টর কামান্ডারস ফোরামের এই কনভেনশন হওয়ার কথা ছিল। কিন্তু 'দাঙ্গা হাঙ্গামা' হতে পারে- এমন আশঙ্কায় কনভেনশন করার অনুমতি দেয়নি পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে কনভেনশনের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দেন। সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য অভিহিত করে এ কে খন্দকার শুক্রবার বলেন, "সরকারের এ সিদ্ধান্তের কারণে সেই দলটি লাভবান হয়েছে, যাদের বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই।" তিনি বলেন, "যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। অচিরেই এ ব্যাপারে কর্মসূচি ঘোষণা করা হবে।" সাবেক সেনা প্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টার কমান্ডার কে এম শফিউল্লাহ বলেন, "৭১ সালে ২৫ মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতায় আমি যেরকম ক্ষুব্ধ হয়েছিলাম, কনভেশনের অনুমতি না দেওয়ায় সিদ্ধান্ত আমাকে ঠিক ততটাই ক্ষুব্ধ করেছে। আমরা সরকারের শুভাকাক্সক্ষী। সারাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। তাহলে কেন এই পরিস্থিতি সৃষ্টি করা হলো?" মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মীর শওকত আলী বলেন, "সরকার প্রধান, প্রধান নির্বাচন কমিশনার ও সেনা প্রধান যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে মত দিয়েছেন। এতে আমরা উৎসাহিত হয়েছি। কিন্তু এখন সরকারকে বুঝতে হবে, কারা তাদের বন্ধু, কারা তাদের শত্র"। যে কারণ দেখিয়ে কনভেশন বাতিল করা হয়েছে, তা দুঃখজনক।'' জাতীয় কনভেনশনের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, "এই সিদ্ধান্তে যুদ্ধাপরাধীরা উপকৃত হলো।" ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পক্ষে জনমত গঠন করতে আমার ছয় বিভাগেই সভা করেছি। তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বিশৃঙ্খলাও হয়নি। এরই ধারবাহিকতায় ঢাকায় জাতীয় কনভেনশনের কর্মসূচি দেওয়া হয়। এতে সরকার আশঙ্কার কী দেখছে তা আমাদের বোধগম্য নয়।" তিনি বলেন, "গত ১৪ জানুয়ারি আমরা কনভেশন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি। অনুষ্ঠানে মাত্র ৩৬ ঘণ্টা আগে জানানো হলো, কনভেনশন করার অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ সারাদেশের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের কনভেনশনে অংশ নেওয়ার কথা ছিল। প্রবাসী অনেক মুক্তিযোদ্ধা কনভেনশনের জন্য ইতোমধ্যে দেশে এসেছেন। এ জন্য আমি লজ্জিত।'' অন্যদের মধ্যে সাংবাদিক ফয়েজ আহমেদ, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীসহ মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শুক্রবার আলাদা বিবৃতির মাধ্যমে এ ব্যাপারে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। ফোরামকে অবিলম্বে কনভেনশন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৭৩১ঘ.