ফরিদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূূচির মধ্য দিয়ে শুক্রবার ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকায় মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ফরিদপুরের অম্বিকাপুরে কবির সমাধিতে ফুল দেয় জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ ইয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে ১৯০৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন জসিম উদদীন। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা, মা আমিনা খাতুন। জসিম উদদীন ফরিদপুর ওয়েল ফেয়ার স্কুল ও জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। ১৯২১ সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যাল থেকে ১৯২৯ ও ১৯৩১ সালে বি এ ও এম এ শেষ করে ১৯৩৩ সালে বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক পদে যোগ দেন। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৯৬৯ সালে কবিকে সম্মান সূচক ডি লিট উপাধি দেয়।
নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কবির সর্বাধিক পরিচিত দুটি কাব্যগ্রন্থ। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সময়কাটানোর স্মৃতি নিয়ে লিখেছেন ঠাকুর বাড়ির আঙিনায়। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র 'রূপাই' জসিম উদদীনের সৃষ্টি। 'কবর' কবিতাটি তাকে অমর করে রেখেছে।
গান, কবিতা ও সাহিত্যে বাংলার পল্লী সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে আনতে তার অবদান অসামান্য। আর এজন্যই তিনি 'পল্লীকবি'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24