২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ মার্চ সরকারি কর্মচারীরা কাজে যোগ না দিয়ে মিছিল করে

একাত্তরে উত্তাল মার্চে প্রতিদিনের সূর্যদোয়ের সঙ্গে আরও শাণিত ও দীপ্ত হয়ে উঠছিল বাঙালি জাতি। ১৪ মার্চে সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে সরকারি কর্মচারীরা কাজে যোগ না দিয়ে মিছিলে-মিছিলে প্রকম্পিত করে ঢাকার রাজপথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে উত্তাল মার্চে প্রতিদিনের সূর্যদোয়ের সঙ্গে আরও শাণিত ও দীপ্ত হয়ে উঠছিল বাঙালি জাতি। ১৪ মার্চে সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে সরকারি কর্মচারীরা কাজে যোগ না দিয়ে মিছিলে-মিছিলে প্রকম্পিত করে ঢাকার রাজপথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার দৃপ্তকণ্ঠে ঘোষণা করলেন: "বাঙালিদের স্বাধীনতার উদ্দীপনা কেউ দমাতে পারবে না।" (দৈ. পাকিস্তান ১৫ মার্চ) দেশে মারাত্মক পরিস্থিতি সৃষ্টির জন্য জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। পশ্চিম পাকিস্তানেও নিজের দল এবং কাইয়ুমস মুসলিম লীগ ছাড়া অন্য দলগুলো তার সমালোচনায় মুখর হয়ে ওঠে। ১৪ মার্চ ভুট্টো প্রত্যেক প্রদেশের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে আলাদাভাবে ক্ষমতা হস্তান্তরের অদ্ভুত দাবি জানান। অধিকাংশ দল এমনকি পশ্চিম পাকিস্তানের নেতারাও তার এই দাবির নিন্দা জানান। পূর্বাঞ্চলে সামরিক শক্তি বাড়ানো চলছিল। ইয়াহিয়া এর কারণ হিসেবে সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির অজুহাত দেন। কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে অনেক সৈন্য এলেও তাদের সীমান্তে যেতে দেখা যায়নি। যে কারণে সন্দেহ বাড়তে থাকে। পরিস্থিতি আঁচ করতে পেরেছিলেন বলে এসময় রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণের পাশাপাশি অনেক বাঙালি সেনা কর্মকর্তা ও সৈনিকের মধ্যেও প্রতিরোধের মানসিক প্রস্তুতি চলছিল। ছোট ছোট দলগুলো এদিন এক বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানায় এবং ২৫শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান সাপেক্ষে কেন্দ্র ও প্রদেশে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানান। ওই বৈঠকে কাইয়ুম মুসলিম লীগ যোগ দেয়নি। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের সুনির্দিষ্ট ও বিস্তারিত নির্দেশ দেন। এর মধ্যে ছিল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতে ধর্মঘট পালন ও বাড়ি বাড়ি কালো পতাকা উত্তোলন। এ নির্দেশ পূর্ব পাকিস্তানে অক্ষরে অক্ষরে পালিত হয়। দেশের এ অংশে বঙ্গবন্ধুর নেতৃত্বে কার্যত সমান্তরাল সরকার প্রতিষ্ঠা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমএইচবি/২০২০ ঘ.