২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সংস্কারে প্রস্তাবিত কর্মসূচিকে গণবিরোধী বললেন পাবনা জেলা প্রশাসক

প্রস্তাবিত পুলিশ সংস্কার কর্মসূচি গণবিরোধী ও লজ্জাজনক বলে মনে করেন পাবনার জেলা প্রশাসক খন্দকার মো. মোখলেছুর রহমান। তার মতে, "এই আইন পাশ হলে বাংলাদেশের মানুষ তার সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার হারাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

পাবনা, মার্চ ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পুলিশ সংস্কার কর্মসূচি গণবিরোধী ও লজ্জাজনক বলে মনে করেন পাবনার জেলা প্রশাসক খন্দকার মো. মোখলেছুর রহমান। তার মতে, "এই আইন পাশ হলে বাংলাদেশের মানুষ তার সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার হারাবে।" বুধবার রাতে পাবনার পুলিশ লাইন মিলনায়তনে প্রস্তাবিত পুলিশ সংস্কার কর্মসূচির ওপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। তিনি বলেন, "এই আইন পাশ হলে একটি ব্রিজ-কালভার্ট করতে হলেও স্থানীয় পুলিশের অনুমতি নিতে হবে। এ ছাড়া পুলিশ কমিশন এবং পুলিশ কমিউনিটি কনসালটেশন গঠিত হলে তা হবে শাসনতন্ত্রের সঙ্গে সাংর্ঘষিক।" বিদেশিদের পরামর্শে করা এই সংস্কার কর্মসূচির মাধ্যমে পুলিশের সংস্কার সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, পাবনা চেম্বারের সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, জেলা আইনজীবী সমিতির সম্পাদক শাজাহান মণ্ডল, সাংবাদিক আখতারুজ্জামান আখতার, আব্দুল মজিদ দুদু প্রমুখ। সভায় প্রস্তাবিত পুলিশ সংস্কার অধ্যাদেশ-২০০৭ এর পক্ষে ও বিপক্ষে মতামত নেওয়া হয়। তবে উপস্থিত আলোচক বা মতামত দাতাদের পুলিশের কি কি সংস্কার করা হবে- সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। 'আপনি এই সংস্কারের পক্ষে না বিপক্ষে হা / না লিখুন'- এ রকম একটি কাগজ ধরিয়ে দেওয়া হয় সবার হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.