২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাধিকার সংক্রান্ত আইন করার কথা ভাবছে না সরকার: ধর্ম উপদেষ্টা

উত্তরাধিকার সংক্রান্ত কোন আইন তৈরি করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, "এ ধরনের আইন প্রণয়নের চিন্তা সরকারের নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাধিকার সংক্রান্ত কোন আইন তৈরি করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, "এ ধরনের আইন প্রণয়নের চিন্তা সরকারের নেই।" বৃহস্পতিবার দুপুরে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামের আলেম ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। মতবিনিময় সভায় হাসান আরিফ বলেন, "ইসলাম বিরোধী কোন আইন হবে না। শরীয়া আইন পরিবর্তন করতে হবে এ ধরনের কোন চিন্তা ভাবনা সরকারের ছিলও না এবং ভবিষ্যতেও থাকবে না।" সভায় উপস্থিত আলেমরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেন। জমিয়তুল ফালাহ মুসল্লি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী বলেন, কুরআন-হাদিস বিরোধী কোন আইন বাংলাদেশে হতে পারবে না। সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মসজিদের খতিব মাওলানা ফারুক সিদ্দিকী উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, "বিভিন্ন ক্ষেত্রে নারীদের কুরআন ঘোষিত হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে। যারা বঞ্চিত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।" চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) চট্টগ্রাম অঞ্চলের প্রধান কর্নেল মাসুদ হোসাইনসহ চট্টগ্রামের বেশ কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। সভা শেষে জমিয়তুল ফালাহ মসজিদের খতিব জালালুদ্দিন আল কাদেরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে শরীয়া বিরোধী কোন আইন হচ্ছে না তা আইন উপদেষ্টার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।" মতবিনিময় সভার আগে উপদেষ্টা সকাল ১০টার দিকে চট্টগ্রাম নতুন আদালত ভবনের নির্মাণ ও পুরনো আদালত ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/এমএ/১৬৪৩ ঘ.