২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় আইন বহির্ভুত হত্যা হয়েছে ১৮৯টি: মানবাধিকার সংগঠন 'অধিকার'

জরুরি অবস্থার মধ্যে গত ১৪ মাসে আইন বহির্ভুত ১৮৯টি হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বেসরকারি মানববাধিকার সংগঠন 'অধিকার' এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে গত ১৪ মাসে আইন বহির্ভুত ১৮৯টি হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বেসরকারি মানববাধিকার সংগঠন 'অধিকার' এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি ২০০৭ থেকে ১১ মার্চ ২০০৮ পর্যন্ত ১৪ মাসে বিচার বহির্ভুত ভাবে র‌্যাবের হাতে ৯৩ জন নিহত হয়েছে। এ ছাড়া পুলিশের হাতে ৬৭ জন, র‌্যাব ও পুলিশ যৌথভাবে ৪, যৌথবাহিনী ৭, সেনাবাহিনী ৭, নৌবাহিনী ৩, জেল পুলিশ ১, কোস্টগার্ড ২, বনরক্ষী ১, বিডিআির ১ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার অধীনে নিহত হয়েছেন ২ জন। এছাড়া মৃত্যুর ধরন হিসেবে প্রতিবেদনে বলা হয়, ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৩৫জন। এ ছাড়া নির্যাতনে মৃত্যু হয়েছে ৩০জনের। ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধ ছাড়া গুলিতে মারা গেছে ১৩ জন এবং অন্যান্য উপায়ে ১১ জন প্রাণ হারিয়েছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আওতায় ১৪ মাসে কমপক্ষে ৯২৯ ব্যক্তিকে গ্রেপ্তাার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মানবাধিকার সংগঠনটি বলেছে, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও জরুরি বিধিমালা ২০০৭-এ মৌলিক অধিকার হরণের বিধান রয়েছে। জরুরি অবস্থায় নির্যাতনের অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও অব্যাহত রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক নির্যাতনসহ গ্রেপ্তারকৃতদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে প্রমাণ ও তথ্য উদ্ধারের নামে পুলিশি হেফাজতে অথবা রিমান্ডে থাকা অবস্থায় শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এমএ/১৫৪৮ ঘ.