ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মানবাধিকার প্রতিবেদনে মার্কিন সরকারের অভিমত সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, "মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সম্পর্কে এ ধরনের কোনো মন্তব্য করতে পারে না।"
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভাশেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
উপদেষ্টা বলেন, "আমাদেরকে আমাদের বাস্তবতার কথা বিবেচনা করতে হবে।"
মঙ্গলবার যুক্তরাষ্ট্র প্রকাশিত ২০০৭ সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করার পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।
দুই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গে প্রতিবেদনের মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন বলেন, "সরকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। পরীক্ষা-নিরীক্ষা করেই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে।"
তিনি বলেন, "আমরা তাদের (শেখ হাসিনা ও খালেদা জিয়া) যথেষ্ট সম্মানের সঙ্গে রেখেছি। তাদের দেখাশোনাও ঠিক মতো করা হচ্ছে।"
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেন, "সরকারকে কিছু নিয়ম ও বিধানের মধ্য দিয়ে চলতে হয়। শেখ হাসিনার ইচ্ছানুযায়ী স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। ..
ডাক্তাররা অপারগতা প্রকাশ করলে সরকার প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করবে। মেডিকেল বোর্ড লিখিত পরামর্শ দিলে তাকে প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে। সরকার এ ব্যাপারে সহানুভূতিশীল।"
শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসককে দেখা করতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এম এ মতিন তাদের 'দলীয় চিকিৎসক' আখ্যায়িত করে বলেন, "দলীয় চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। সরকার এই বিষয়টি দেখছে।"
দুই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গে মার্কিন সরকারের প্রতিবেদনে বলা হয়, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরকার অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখে এবং বছরের (২০০৭) প্রথম ছয়মাসে তাদেরকে বিদেশে নির্বাসনে পাঠানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। পরে তাদের দুজনকেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা বিচারের অপেক্ষায় রয়েছেন।'
হিউম্যান রাইটস ওয়াচের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 'সামরিক বাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সন্দেহভাজনদের বেআইনিভাবে সেনাক্যাম্প, গোয়েন্দা সংস্থার সদরদপ্তর ও অন্যান্য অজ্ঞাত স্থানে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করেছে। সন্দেহভাজনদের মুক্তি দেওয়া বা বিচারকের সামনে হাজির করার আগে জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনাও ঘটেছে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৫৩৮ঘ.
bdnews24