যশোর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৬ বছরে লড়াই শেষ হয়নি মুক্তিযোদ্ধা মফিজের। একাত্তরের রণাঙ্গনে যে হাতে তিনি অস্ত্র ধরে পাকিস্তানি শত্র"সেনাদের হত্যা করেছেন তার সেই হাতে এখন জং ধরা চায়ের কেটলি। সংসারের জোয়াল টানার এটিই তার একমাত্র অবলম্বন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টুকে বললেন, নতুন কোন স্বপ্ন নেই। বাকী দিনগুলো কীভাবে চলবে সেই ভাবনায় সময় কেটে যায়।
স্বাধীনতা সংগ্রামে ৮ নম্বর সেক্টরে যশোর চৌগাছা এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মফিজুর রহমান মফিজ। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। একাত্তরের এপ্রিল মাসের প্রথম দিকে একদিন শহর থেকে গ্রামে ফিরে তিনি দেখতে পান পাকিস্তানি হানাদাররা তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে। নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচার চালাচ্ছে। তিনি আর স্থির থাকতে পারেননি। সিদ্ধান্ত নিলেন যুদ্ধে যাবেন। যশোরের বর্তমান জাসদ নেতা রবিউল আলম ও গ্রামের মতিউর রহমানের সহায়তায় ভারতের বনগাঁর টালিখোলা চলে যান। সেখান থেকে তাকে বিহারের চাকুলিয়া এয়ারপোর্ট মুক্তিযোদ্ধা ক্যাম্পে পাঠানো হয়। ২৭ দিনের গেরিলা প্রশিক্ষণ শেষে ১২ সদস্যের একটি গ্র"প করে তাদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে।
কৃষক সেজে তারা এপারে আসেন। তাদের গ্র"প কমান্ডার ছিলেন মতিউর রহমান। ইউনিট পরিচালনা করতেন ক্যাপ্টেন তপন সাহা। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর। রণাঙ্গনে কয়েকবার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সমুখ যুদ্ধ হয়েছে তাদের। এর মধ্যে যশোরের সাজিয়ালির যুদ্ধে সাতজন এবং চুড়ামন কাটির যুদ্ধে তিন পাকিস্তানি সেনা মারা যায়।
মুক্তিযোদ্ধা মফিজের শরীরে লেগেছে বয়সের ছাপ। শহরের শংকরপুর মুরগি খামারের পূর্ব পাশে বসে চা বিক্রি করেন তিনি। মাঝে মাঝে রাজাকারদের গাড়ির ধুলো তার গায়ে লাগে। এতে হৃদয় ক্ষত হলেও কিছু বলা হয় না, বলতে পারেন না তিনি।
তিন ছেলে এক মেয়ের জনক মফিজের নিজ জন্মভুমি সদর উপজেলার নুরপুর গ্রামে। সেখানে তার বাস করা সম্ভব হয়নি। আর্থিক অস্বচ্ছলতা তাকে শহরে আসতে বাধ্য করেছে। ১৯৯৮ সাল থেকে তিনি শংকরপুর মুক্তিযোদ্ধা আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। সন্তানদের কাউকে স্কুলের গণ্ডি পার করাতে পারেননি। রোজগার বলতে চায়ের দোকান আর ছয়শ টাকা মুক্তিযোদ্ধা ভাতা (মাসিক)। এতে তার এখন সংসার চলছে না। ঋণের জন্য কুরবানি ঈদের পর থেকে উপজেলা সমবায় কার্যালয়ে ধর্ণা দিয়েও টাকা পাননি।
মফিজ আক্ষেপ করে বলেন, "কেন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, আর কী পেলাম- সে হিসাব এখন আর মিলাতে পারি না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় চাল, ডাল, তেল, লবণ কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এখন নিজের হাড় চিবিয়ে খাওয়ার মত অবস্থা হয়েছে।"
তার প্রশ্ন, "এজন্যই কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।"
যুদ্ধপরাধীদের বিচার দাবি করে মফিজ বলেন, "তাদের বিচার হলে আর কিছু না হোক মুক্তিযোদ্ধারা সান্ত্বনা পেত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৫৫০ ঘ.
bdnews24