ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে কূটনৈতিক মিশন চালুর আগ্রহ প্রকাশ করেছে বাহরাইন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা বুধবার সেনেগালের ডাকারে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর কাছে এই আগ্রহের কথা জানান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাও বর্তমানে সেনেগালের রাজধানী ডাকারে অবস্থান করছেন।
ইফতেখার আহমেদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা প্রথমে থাইল্যান্ড ও পরে বাংলাদেশে কূটনৈতিক মিশন খোলার ব্যাপারে তার দেশের আগ্রহের কথা জানান। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এমএইচবি/২১৪৭ ঘ.
bdnews24