ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এক দশক আগে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও এখনো এ চুক্তি বাস্তবায়নের অগ্রগতি হয়েছে সামান্য। চুক্তি অনুযায়ী আদিবাসী জনগণের ভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অধিকার স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যাপারে সরকার এখনো উদাসীন। শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ার সুযোগে পাহাড়ে আইন - শৃঙ্খলাজনিত সমস্যা রয়েই গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০০৭ সালের মানবাধিকার প্রতিবেদনে এ সব কথা বলা হয়েছে। মঙ্গলবার তাদের ওয়েব সাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
আদিবাসী নেতারা এই প্রতিবেদনটিকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের মতে, এতে পার্বত্যাঞ্চলের মানবাধিকার পরিস্থিতির খুব কমই প্রকাশ পেয়েছে। তাছাড়া প্রতিবেদনটিতে সারা দেশের আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতির কথা উপেক্ষিত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ে আদিবাসীদের সঙ্গে পুনর্বাসিত বাঙালিদের জমির বিরোধ নিরসনে গঠিত পার্বত্য ভূমি কমিশন এখনো কার্যকর করা হয়নি। অশান্ত পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির সময় ভূমিচ্যূত অনেক আদিবাসী পরিবারই এখনো নিজেদের জায়গা-জমি বুঝে পাননি। এতে বলা হয়েছে, জরুরি অবস্থার সুযোগে নিরাপত্তা বাহিনী কর্তৃক পাহাড়িদের ইচ্ছামত ধরপাকড়সহ মানবাধিকার লংঘনের মাত্রা আগের চেয়ে বেড়েছে বলে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে ।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার নিরাপত্তার যুক্তিতে পার্বত্য চট্টগ্রামে এখনো মোবাইল টেলিফোনের নেটওয়ার্ক চালু করেনি। তবে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর মতে, ওই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই তা করা হয়েছে।
প্রতিবেদনে একটি মানবাধিকার সংগঠনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গত বছর পার্বত্যাঞ্চলে সংঘাতে অন্তত সাত জন নিহত ও দুজন আহত হয়। এছাড়া সাত জন অপহৃত ও দু'জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়া চুক্তি অনুযায়ী গত বছর ফেব্র"য়ারি মাসে সরকার রাঙামাটি থেকে নিরাপত্তা বাহিনীর ১৬ টি অস্থায়ী ছাউনি প্রত্যাহার করেছে। ১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষরের পর এ পর্যন্ত ১৯৬টি অস্থায়ী নিরাপত্তা ছাউনি প্রত্যাহার করা হয়েছে। তবে সেখানে এখনও বহাল রয়েছে আনুমানিক আরো ২৮০টি ছাউনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি সংগঠনগুলোর অভিযোগ, ২০০৬ সালে পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে পুনর্বাসিত বাঙালিরা সরকারি কর্তৃপক্ষের সহায়তায় আদিবাসীদের ৩৬৬ একর জমি বেদখল করেছে।
এছাড়া প্রতিবেদনে আদিবাসী নেতা ও মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতি ও চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের ওপর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য অঞ্চলেও বাঙালি মুসলমান কর্তৃক আদিবাসীদের জমি দখলের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এ বিষয়ে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের উচিৎ হবে এই মানবাধিকার প্রতিবেদনটিকে আমলে নেওয়া। তবে প্রকৃত পক্ষে পার্বত্যাঞ্চলের মানবাধিকার পরিস্থিতি আরো ভয়াবহ। কিন্তু জরুরি অবস্থার কারণে সেখানকার মানুষ এর প্রতিবাদ করতে পারছে না বলে অনেক তথ্যই প্রকাশ হচ্ছে না।"
সঞ্জীব দ্রং বলেন, বিশেষ করে বর্তমান সরকারের আমলে শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি একেবারেই স্থবির।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি অবিলম্বে পাহাড়ি নেতাদের সঙ্গে রাজনৈতিক সংলাপ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাঁওতাল আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন বলেন, "প্রতিবেদনটিতে পার্বত্যাঞ্চলের মানবাধিকার পরিস্থিতির কিছু সত্যতা ফুটে উঠেছে। কিন্তু এতে সমতলের আদিবাসীদের কথা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।"
তিনি যৌথ বাহিনীর হেফাজতে নিহত চলেশ রিছিলের কথা উল্লেখ করে বলেন, সমতলের আদিবাসীদের ওপরে চলছে একই রকম নির্যাতন ও ভূমি জবরদখল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯১৫ ঘ.
bdnews24