২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল পাউবোর তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুর্নীতির অভিযোগে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তা এবং প্রকল্প প্রধানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

বরিশাল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তা এবং প্রকল্প প্রধানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে। ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম ফজলুল হক এ মামলাটি দায়ের করেন। গত ২৮ ফেব্র"য়ারি মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ। মামলার আসামিরা হচ্ছেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আখতার হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী বাবুল আখতার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বারেক। মো. আখতার হোসেন বর্তমানে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। মামলায় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের প্রকল্প চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারকেও আসামি করা হয়েছে। ওসি শাহজাহান শেখ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতির মামলা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের অনুমোদন প্রয়োজন। তদন্তের বিষয়টিও কমিশনের ওপর নির্বর করে।" এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি আমরাই তদন্ত করব। আর এ জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।" মামলায় অভিযোগ করা হয়, বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী খাল খননের নামে ভুয়া ভাউচার করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আসামিরা যোগসাজসে ৪ লাখ ৫০ হাজার ৩৪০ টাকা হাতিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.