ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থায় চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সঙ্গে দেখা করার পর জিয়ান ঝু সাংবাদিকদের বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক একযোগে কাজ করছে। এখন পর্যন্ত যে সংস্কার হয়েছে, তাতে ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে বলেই আমরা মনে করি।"
বিশ্বব্যাংক প্রতিনিধি বলেন, "বিশ্বব্যাংক চায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার। যার মাধ্যমে আরও বেশি সংখ্যক জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব। এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে বিশ্বব্যাংক সন্তুষ্ট।"
তবে বৈঠকের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24