চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে সানম্যান গ্র"পের একটি সূতা তৈরির কারখানায় মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সকাল দশটার দিকে সীতাকুণ্ড উপজেলার কদম রসূল এলাকায় অবস্থিত সানম্যান টেক্সটাইল স্পিনিং মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রতিষ্ঠানের হেড অফ অপারেশন্স জোবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তবে কি পরিমাণ মালামাল পুড়ে গেছে সে সম্পর্কে সঠিক কোন তথ্য তিনি জানাতে পারেননি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্পিনিং মিলটি বিকল্প ধারার মহাসচিব অবরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকানাধীন সানম্যান গ্র"পের একটি প্রতিষ্ঠান।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল দশটার দিকে সানম্যান টেক্সটাইল স্পিনিং মিলে সৃষ্ট আগুনে কারখানার বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি এবং সূতা তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ত্রিশ লাখ টাকা হতে পারে বলে ধারনা করছেন তারা।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর বারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারখানার শ্রমিকদের কেউ হতাহত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৭২৭ ঘ.
bdnews24