ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ এলাকায় মঙ্গলবার সকালে আবু সিদ্দিক মোহন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সকাল পৌনে ৮টায় আনোয়ারা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মোহনের ছোট ভাই মদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সায়েদাবাদ বাস স্ট্যান্ডের কাছে আনোয়ারা আবাসিক হোটেলের প্রধান গেটের সামনে সন্ত্রাসীরা মোহনকে লক্ষ করে গুলি চালায়। গুরুতর আহত মোহনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মোহন মারা গেছেন।"
মদন বলেন, "চিকিৎসকরা জানিয়েছে, মোহনের শরীরে ছয়টি গুলি লেগেছে।"
মোহনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হত্যার ঘটনায় সায়েদাবাদ থানায় একটি মামলা হয়েছে।
মদন দাবি করেন, তার ভাই আনোয়ারা হোটেলের একটি অংশের মালিক ছিলেন।
তবে হোটেলের মালিক বাবুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহন হোটেলের মালিক ছিলেন না। তিনি শুধু দেখভাল করতেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৩২৭ ঘ.
bdnews24