২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেক্ষাগৃহে পাক সারের বদলে জয় বাংলা

চূড়ান্ত বিজয়ের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা রক্ষা করতে হবে। একইসঙ্গে এ পর্যন্ত বঙ্গবন্ধু কর্তৃক জারিকৃত নির্দেশগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জারি করা হয়েছে বলে গণ্য করতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চূড়ান্ত বিজয়ের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা রক্ষা করতে হবে। একইসঙ্গে এ পর্যন্ত বঙ্গবন্ধু কর্তৃক জারিকৃত নির্দেশগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জারি করা হয়েছে বলে গণ্য করতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ। ১৯৭১ সালের ১১ মার্চ এক বিবৃতিতে তিনি একথা বলেন। অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার জন্য জনসাধারণকে অভিনন্দন জানিয়ে তিনি এদিন আরো ১৪টি নির্দেশের কথা ঘোষণা করেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলে এক জনসভায় বলেন, "সাত কোটি বাঙ্গালির নেতা শেখ মুজিবুর রহমানের নির্দেশ পালন করুন।" বঙ্গবন্ধুর নির্দেশে '৭১ সালের এই দিনে বাংলাদেশের ভেতরে ডাক, তার ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসে। স্বাভাবিক লেনদেন শুরু হয় স্টেট ব্যাংক, তফসিলি ব্যাংক ও সরকারি ট্রেজারিতে। বিমান ছাড়া সড়ক, রেল ও নৌচলাচল অব্যাহত থাকে। নগরীর বিপণিবিতানগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে। প্রতিদিনের মতো এদিনও নগরী মুখর থাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মিছিল-সমাবেশে। অসহযোগ আন্দোলন শুরুর পর সবচেয়ে অবাক করা ঘটনাটি ঘটে এদিন। নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহগুলোতে ছায়াছবি শুরুর আগে পকিস্তানের জাতীয় সঙ্গীত 'পাক সার জামিন'-এর বদলে পরিবেশন করা হয় 'জয় বাংলা বাংলার জয়' গানটি। ১৯৭১ সালের এদিনটিতে বরিশাল জেলখানা ভেঙ্গে বেরিয়ে আসেন ২৪ জন কয়েদি। এ সময় করারক্ষীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কয়েদি নিহত এবং ২০ জন কয়েদি ও ২৪ জন কারারক্ষী আহত হন। একইসঙ্গে কুমিল্লা কারাগার ভেঙ্গে বেরিয়ে আসার সময় কারারক্ষীদের গুলিতে মারা যান তিন কয়েদি। এছাড়া সংঘর্ষে আহত হন শতাধিক কয়েদি ও পুলিশ। সামরিক কর্তৃপক্ষ রংপুর শহরে আরোপিত রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করে নেয়। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর রসদ সরবরাহের সময় জনতা বাধা দেয়। সিলেট ও যশোরে রেশন নেওয়ার সময় সেনাবাহিনীর একটি কনভয়কে আটকে রাখা হয়। দিনব্যাপী এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে এক সামরিক নির্দেশে বলা হয়, কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করলে অথবা সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কাজে বা গতিবিধিতে বাধা সৃষ্টি করলে সামরিক বিধি অনুযায়ী তাদের বিচার করা হবে। এদিকে স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে দুটি পৃথক বিবৃতি দেওয়া হয়। পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন ও শাজাহান সিরাজ এক যুক্ত বিবৃতিতে বলেন, "১০ মার্চ ভোরে চট্টগ্রাম বন্দরের ১৭ নম্বর জেটিতে এমএন সোয়াত নামে একটি অস্ত্রবাহী জাহাজ নোঙর করেছে। বন্দর শ্রমিকরা সে জাহাজ থেকে সমরাস্ত্র খালাসের নির্দেশ উপেক্ষা করেছেন। স্বাধীন বাংলার নিরস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্যই এ অস্ত্র আনা হয়েছে।" বিবৃতিতে এ ব্যাপারে জনসাধারণকে সাবধান করে দেওয়া হয়। ন্যাপ (ওয়ালী) বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশীদ, কাউন্সিল মুসলীম লীগ প্রধান মমতাজ দৌলতানার বিশেষ দূত পীর সাইফুদ্দিন ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সহকারী আবাসিক প্রতিনিধি কে উলফ বঙ্গবন্ধুর সঙ্গে তার ধানমন্ডির বাসায় পৃথক বৈঠক করেন। অন্যদিকে, পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিরা মওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে একত্রিত হয়ে শেখ মুজিবের চার দফা দাবির প্রতি সমর্থন জানান। তারা সরকার গঠন এবং সংবিধান প্রণয়নের দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবকে দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে মুজিব-ইয়াহিয়া বৈঠকেরও প্রস্তাব করেন তারা। শোষণমুক্ত স্বাধীন পূর্ব বাংলা কায়েমের আন্দোলন আরো দুর্বার করে তোলার আহবান জানানো এদিন ছাত্র ইউনিয়ন একটি লিফলেট প্রচার করে। সিএসপি ও ইপিসিএস সমিতির পদস্থ বাঙালি সরকারি কর্মচারীরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এদিন আওয়ামী লীগের তহবিলে এক দিনের বেতন প্রদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৩১৩ ঘ.