ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহির বলেছেন, শেখ হাসিনার কানের যথাযথ চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতেই হবে। স্কয়ার হাসপাতালে তার অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হলেও কানের জটিল সমস্যার চিকিৎসা এখানে দেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার স্কয়ার হাসপাতালে চার ঘন্টার বেশি সময় ধরে পরীক্ষা-নীরিক্ষার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মো. আবু তাহির এ কথা বলেন।
তিনি বলেন, "এখানে যদি শেখ হাসিনার কানের চিকিৎসা দেওয়া হয় তবে তাতে ভালোর পরিবর্তে ক্ষতিই হবে।"
স্কয়ার হাসপাতালে ভর্তির পর সেখানে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন সাত বিশেষজ্ঞ চিকিৎসক। বেলা সাড়ে ১১ টার পর একে একে হাসপাতালে প্রবেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহির, মেডিসিন বিভাগের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ প্রাণগোপাল দত্ত, মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আবদুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ সৈয়দ মোদাচ্ছের আলী, হৃদরোগ বিশেষজ্ঞ এম এইচ মিল্লাত এবং চর্ম বিশেষজ্ঞ কবীর চৌধুরী।
চিকিৎসকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন,"চিকিৎসকরা আমাদের কাছে এখনও আনুষ্ঠানিক কোন মতামত দেননি। আনুষ্ঠানিকভাবে ডাক্তাররা যে মত দেবেন সেভাবেই শেখ হাসিনার চিকিৎসা করা হবে।"
হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসক আবু তাহির সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার চোখে ও জিহ্বায় এলার্জি বেড়েছে। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। ঔষুধের মাত্রাও কিছুটা রদবদল করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রীকে মঙ্গলবার সকাল পৌণে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"শেখ হাসিনা কাল রাতে হাসপাতালে ভর্তির ব্যপারে সম্মত হন। সে অনুযায়ী তাকে আজ হাসপাতালে নেয়া হয়।"
হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তির পর এই কারা কর্মকর্তা হাসপাতাল থেকে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন,"এখন শেখ হাসিনার পছন্দের চিকিৎসকরা একে একে তাকে দেখছেন।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,"এই চিকিৎসকরা দেখার পর বোর্ড গঠনের বিষয় দেখা হবে।"
সকালে স্কয়ার হাসপাতাল লিমিটেডের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা ৫৫ মিনিটে হাসিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অধ্যাপক ড. সানোয়ার হোসেন, ড. এম এইচ মিল্লাত এবং প্রধান নার্স এন মিশেল শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। তাকে ১৪ তলার কেবিনে রাখা হয়েছে।"
শেখ হাসিনাকে কারাগার থেকে বের করার আগে স্কয়ার হাসপাতালের চারিদিকে র্যাব, পুলিশ ঘিরে রাখে।
এর আগে ২১ শে ফেব্র"য়ারি তাকে এ হাসপাতালেই আনা হয়েছিল। তখন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর একইদিন তাকে বিশেষ কারাগারে ফেরত নেওয়া হয়। ওইদিন যেসব পরীক্ষা করা সম্ভব হয়নি এবার সেগুলো করা হবে বলে জানা গেছে।
সোমবার শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তির ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের সঙ্গে সাক্ষাৎ করে হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৬০৩
bdnews24