ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক বছরের মধ্যে সব পাবলিক যানবাহনে গতি নিয়ন্ত্রণ সিল লাগানোর ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
অনেক আগে থেকেই যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্য সিল লাগানোর বিধান থাকার কথা উল্লেখ করে হাইকোর্ট তার রায়ে বলেছে, "দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে কর্তৃপক্ষ এখনো এই সিল লাগানোর বিধান বাস্তবায়নে সম্পূর্ণ উদাসীন।" এটা আইন বাস্তবায়নে তাদের অনীহার পরিচায়ক বলে মন্তব্য করা হয়েছে রায়ে।
মোটরযান আইন অনুযায়ী সরকার দেশের সকল পাবলিক যানবাহনে যথাশীঘ্র গতি নিয়ন্ত্রণ সিল লাগানোর ব্যবস্থা করবে বলে আদালত আশা প্রতাশ করেছে।
আদালত রায়ে বলেছেন, আগামী বছরের ১০ মার্চের মধ্যে সরকার এই ব্যবস্থা করবে। এ উদ্দেশ্যে সরকার ওই তারিখ বা তার আগেই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা করবে। ওই তারিখ বা সরকার এর আগে যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখের পর যানবাহনে এই সিল না থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য হবে।
রায়ে বলা হয়েছে, ওই তারিখ বা সরকার নির্ধারিত তারিখের পরও কোনো যানবাহনে গতি নিয়ন্ত্রণ সিল না থাকলে প্রতিদিনের জন্য ২শ' টাকা জরিমানা করা হবে। প্রথম শাস্তির পর দ্বিতীয়বার এই সিল ছাড়া যান ধরা পরলে প্রতিদিনের জন্য ৪শ' টাকা জরিমানা করা হবে।
গতবছর ডিসেম্বরে এক কলেজছাত্রীর বাসচাপা পড়ে মৃত্যুর ঘটনার পর হাইকোর্ট স্বতঃপ্রনোদিত হয়ে গতি নিয়ন্ত্রণ সিল বাধ্যতামূলকভাবে লাগানোর নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.নাঈমা হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
ইন্টারভেনর হিসাবে আদালতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ও মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/০০৪৫ঘ.
bdnews24