চট্টগ্রাম, মার্চ ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় ও বিক্রি বাড়তে শুরু করেছে। শুরুর পর দুই সপ্তাহ মেলা না জমলেও মার্চের প্রথম দিন থেকেই জন সমাগম বাড়ছে। বিক্রিও বেড়েছে বলে বিক্রেতারা জানালেন। দর্শক ও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে শুরুর দিকে বিক্রেতা ও মেলার আয়োজক কমিটির মধ্যে যে হতাশা ছিল তা কেটে গেছে।
এবারের মেলা কমিটির চেয়ারম্যান চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক সৈয়দ জামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলায় নিরাপত্তার ব্যবস্থা এবং ঘোরার জন্য যথেষ্ট জায়গা থাকায় দর্শনার্থী বেশি আসছে।"
তার মতে, শুক্রবার প্রায় দেড় লাখ দর্শনার্থী মেলায় এসেছেন। তিনি জানান, শুধু দর্শনার্থী নয় বিক্রিও বেড়েছে আশানুরূপ। প্রতিদিনই দর্শনার্থী বাড়ছে। মেলাকে সফল করতে চট্টগ্রাম চেম্বার সকল প্রকার উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
সোমবার বিকালে বাণিজ্য মেলা ঘুরে দেখা গেছে, সকল বয়েসী নারী পুরুষ তাদের প্রয়োজনীয় পণ্যের জন্য চার হাজার বর্গফুট এলাকা জুড়ে বসা মেলা চষে বেড়াচ্ছেন। ভবন তৈরির সরঞ্জাম থেকে শুরু করে কসমেটিকস, গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় পণ্য, ক্রোকারিজ, শাড়ি, গার্মেন্টস পণ্য, প্রসাধনী, চুড়ি-কানের দুলসহ নানা ধরনের ইমিটেশনের জুয়েলারি পণ্য, মৃৎ শিল্প, ফার্নিচার, ভোগ্যপণ্য এবং মোবাইল ফোন কোম্পানির প্যাভেলিয়ান ও স্টল বিশেষ ছাড় দিচ্ছে।
বিভিন্ন জুয়েলারি, গৃহস্থালী পণ্য, উপহারসামগ্রী এবং পোশাকের স্টলে তরুণীসহ সকল বয়সের নারীদের ভিড় এবং বিক্রি বেশি দেখা গেছে।
জুয়েলারি পণ্যের স্টল নোলকের স্বত্ত্বাধিকারী আবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেব্র"য়ারির শেষের দিকে শুধুমাত্র ছুটির দিনে বিক্রি ও দর্শনার্থী বেশি থাকলেও এখন প্রতিদিনই বিক্রি মোটামুটি ভাল হচ্ছে।
মেলায় আসা মাদারবাড়ি এলাকার বাসিন্দা মেহেরুন্নেসা জানান, দেশের নানা জায়গা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসায় পছন্দ করে জিনিস কিনতে পারছি। এছাড়া পণ্যের দামও কম পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
এবারের মেলায় বড় বড় প্যাভেলিয়ানগুলোতে বিদেশি ও দেশি কোম্পানিগুলো কেউ তাদের পণ্যের প্রচার আবার কেউ ব্যবসার জন্য বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এবারের মেলার পার্টনার দেশ থাইল্যান্ডের প্যাভেলিয়নে ৩৬ টি স্টল রয়েছে। এর মধ্যে দশটি স্টল থাইল্যান্ডের ব্যবসায়ীদের। বাকীগুলোতে দেশীয় ব্যবসায়ীরা দেশি-বিদেশি পণ্য তুলেছেন।
দেশি ব্যবসায়ীদের যারা থাইল্যান্ড থেকে সরাসরি আমদানি করা পণ্য নিয়ে মেলায় এসেছেন তাদের স্টলেই বিক্রি বেশি হতে দেখা গেছে। থাই প্যাভেলিয়নের গিফট শপের বিক্রেতা অনুপ কুমার বোস জানান, ফুল এবং ইমিটেশন পণ্যই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
বিভিন্ন শাড়ির স্টলেও নারীদের উপস্থিতি ও বিক্রি বেশি। ঢাকা থেকে আসা রাজশাহী সিল্কের স্বত্ত্বাধিকারী ময়েজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য বারের তুলনায় বিক্রি আশানুরূপ নয়। মেলা দেরিতে শুর হওয়ায় বিক্রি অনেক কম বলে তিনি দাবি করেন। আগামী দিনগুলোতে বিক্রি বাড়লে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে তিনি মনে করেন।
চট্টগ্রামে ১৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ানের নান্দনিক নির্মাণ শৈলী উপভোগের জন্যও অনেকেই মেলায় ঘুরতে আসছেন। দেশি প্যাভেলিয়ানের মধ্যে অটবি ফার্নিচার, ইউনি লিভার, আবুল খায়ের, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, প্রাণ, র্যাংসটেলের স্টল দর্শনার্থীদের নজর কেড়েছে। থাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমারের প্যাভেলিয়ানগুলোর নির্মাণশৈলীও আকর্ষণীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24